ময়মনসিংহ নগরীর মনতলা বাজার এলাকায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং দুই নারী গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২ জুন) বেলা সোয়া ৩টার দিকে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানাধীন মনতলা বাজারের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহ শহর থেকে মুক্তাগাছার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা অজ্ঞাতনামা এক পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। এ ছাড়া দুই নারী যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) হান্নানউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত দুই নারীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ চলছে।