হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, ৫ সদস্যের তদন্ত কমিটি

ময়মনসিংহ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তদন্তের পর এবার পৃথক তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পাঁচ সদস্যের এই কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে এ কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানকে আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ এবং গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল বিভাগের একজন প্রকৌশলীকে সদস্য করা হয়েছে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।