হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ 

অপসারণ হয়নি প্যানা-পোস্টার। ছবি: আজকের পত্রিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিন পেরিয়ে গেলেও ময়মনসিংহ নগরের বিভিন্ন সড়কে ঝুলছে প্রার্থীদের সাঁটানো প্যানা-পোস্টার। এতে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ ও নাগরিক নেতারা। প্যানা-পোস্টারের দিকে নজর যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কার কথা জানিয়েছেন পরিবহনের চালকেরা।

ময়মনসিংহ-৪ সদর আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ধানের শীষ মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ বিজয় লাভ করেন। এসব প্রার্থীর পোস্টারে ছেয়ে রয়েছে শহরের প্রধান সড়ক নতুন বাজার, গাঙ্গিনারপাড়, চরপাড়া, নতুন বাজার, জিলা স্কুল মোড়, টাউন হল মোড়, র‌্যালীর মোড়। শুধু এসব বড় বড় স্থানে নয়, অলিগলিতে ৯ প্রার্থীর হাজারো পোস্টার, ব্যানার ও বড় বড় বিলবোর্ড টানানো হয়েছে।

বাগানবাড়ি এলাকার বাসিন্দা তাজুল ইসলাম বলেন, ‘নির্বাচনে আমাদের এলাকার প্রার্থী আবু ওয়াহাব আকন্দ বিজয়ী হয়েছেন। তিনিসহ বাকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার এখনো টানানো থাকায় মনে হচ্ছে নির্বাচন শেষ হয়নি। তবে এসব সরিয়ে নিয়ে শহরের পরিচ্ছন্নতা ফিরিয়ে দেওয়া উচিত।’

ফুটপাতের ব্যবসায়ী সোহেল রানা বলেন, ‘অন্যবার দেখি নির্বাচন শেষ হওয়ার পরদিনেই এসব সরিয়ে নেওয়া হয়। কিন্তু এবার নির্বাচনের পাঁচ দিন পেরিয়ে গেলেও তা সরানো হচ্ছে না। এতে শহরটিকে নোংরা মনে হচ্ছে।’

অটোরিকশাচালক আবুল মিয়া বলেন, ‘শহরের প্রতিটি রাস্তায়, ধানের শীষ, দাঁড়িপাল্লা, লাঙ্গল, মাথাল ও একতারার প্রার্থীর প্যানা-পোস্টার বেশি। এগুলো এখন পর্যন্ত না সরানোয় আমাদের নজর প্রায় সময় পোস্টারের দিকে পড়ছে। এতে কখন দুর্ঘটনা ঘটে, বলা যায় না।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ বলেন, নির্বাচন কমিশন কোনো পোস্টার না করার সিদ্ধান্ত নিলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পোস্টার করে সাঁটিয়েছেন। নির্বাচন কমিশনের উদ্দেশ্য ছিল শহর যেন নোংরা না হয়। কিন্তু এখনো দেখা যাচ্ছে, বিজয়ী ও পরাজিত প্রার্থীদের প্যানা-পোস্টার শহরজুড়ে সাঁটানো রয়েছে; যা শহরকে নোংরা করছে। আমরা চাই, এগুলো দ্রুত অপসারণের মাধ্যমে শহরকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক।’

ময়মনসিংহ-৪ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, প্যানা-পোস্টার সরানোর দায়িত্ব সিটি করপোরেশনের। এটি তারাই করবে।

অপর প্রার্থী মোস্তাফিজুর রহমান রাজীব বলেন, ‘আমাদের সাঁটানো প্যানা-পোস্টার আমাদেরই সরিয়ে নিতে হবে কি না, তা আমি অবগত নই। যদি তা-ই হয়, তাহলে আমি আমারগুলো সরিয়ে নেব।’

ময়মনসিংহ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মহব্বত আলী বলেন, ‘প্যানা-পোস্টার অপসারণের জন্য অন্য একটি বিভাগ রয়েছে। আমি সেখানকার জালাল উদ্দিন আহমেদকে বলে দিচ্ছি সেগুলো সরানোর জন্য। আশা করছি, মঙ্গলবারের মধ্যে সবগুলো অপসারণ হবে।’

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির

ময়মনসিংহের ১১ জয়ী প্রার্থীর হাতে ফলাফল হস্তান্তর

ময়মনসিংহ-৭ আসনে বিজয়ী বিএনপির মাহাবুবুর

ভোটকেন্দ্রের কক্ষ দখল করে ব্যালটে সিল, সিসিটিভি ফুটেজ ভাইরাল

খালিয়াজুরীতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক

শেরপুরে ভোটকক্ষ থেকে ব্যালট বই ছিনতাই, এক ব্যক্তির ৩ বছরের কারাদণ্ড