হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ঘর। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইলে মাদক কারবারের অভিযোগ তুলে মো. আলামিন শেখ (৬৫) নামে এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে স্থানীয় লোকজন। আজ শুক্রবার দুপুরে উপজেলার সিংরইল ইউনিয়নের উদংমধুপুর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আলামিন শেখের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের অভিযোগ রয়েছে। এ নিয়ে তাঁর ওপর ক্ষিপ্ত ছিল এলাকাবাসী। আজ জুমার নামাজ শেষে কয়েক শ লোক তাঁর বাড়িতে ভাঙচুর চালায়। এতে বাড়ির বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, জমি নিয়ে পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁদের বাড়িতে হামলা চালানো হয়েছে। এ ক্ষেত্রে মাদক কারবারের অভিযোগকে অজুহাত করা হয়েছে।

আলামিন শেখের মেয়ে রুজিনা আক্তার বলেন, ‘আমাদের বাড়ির পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে। সেই বিরোধের জের ধরেই এলাকার কিছু লোক বাইরের লোকজন এনে আমাদের বাড়িঘরে হামলা চালিয়েছে। তারা নগদ ৫০ হাজার টাকা, প্রায় ২৫ মণ ধান ও চালসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। হামলার সময় আমার মাকেও মারধর করা হয়েছে।’ মাদক কারবারের অভিযোগের বিষয়ে রুজিনা বলেন, ‘আমার বাবা মাদক সেবন করেন, তবে তিনি মাদক বিক্রি করেন না। ’

মো. সম্রাট আকবর নামে এক গ্রামবাসী বলেন, আলামিন শেখ প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে এলাকায় মাদক কারবার করেন। এ নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়ার পরও জামিনে বেরিয়ে এসে আলামিন শেখ আবার একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠে। এ কারণেই লোকজন তাঁর বাড়িতে ভাঙচুর চালিয়েছে।

একই গ্রামের বাসিন্দা মো. হিরা মিয়া বলেন, আলামিন শেখ ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী অনেকবার সতর্ক করলেও তাঁরা তা আমলে নেননি। পরে জুমার নামাজের পর কয়েক শ মানুষ একত্র হয়ে তাঁর বাড়িঘরে ভাঙচুর চালায়।

নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ

জন্মদিন উদ্‌যাপন শেষে ফেরার পথে খুন ছাত্রলীগ কর্মী

টিকা না নেওয়া শিশুরা হামে বেশি আক্রান্ত হচ্ছে

বস্তার তালি ও মই: জান হাতে নিয়ে সেতু পার

ময়মনসিংহ ডিসি অফিসে বিএনপির ২ নেতার হাতাহাতি