হোম > সারা দেশ > ময়মনসিংহ

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

ময়মনসিংহ প্রতিনিধি

ব্রহ্মপুত্র নদের তীরে জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর বধ্যভূমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ভাব তরঙ্গের দ্বিতীয় পর্ব ‘জালাল পর্ব’। ছবি: আজকের পত্রিকা

শেকড়ের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহে বসছে বাউলগানের আসর ‘ভাব তরঙ্গ’। ইতিমধ্যে সচেতন সংস্কৃতিপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে এই আয়োজন। নগরীর ব্রহ্মপুত্র নদের তীরে জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর বধ্যভূমি প্রাঙ্গণে প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার নিয়মিত বসছে এ আসর।

‘দেশীয় সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা লালনে আমরা অঙ্গীকারবদ্ধ’—এই মূলমন্ত্রে উজ্জীবিত স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ’ এ আয়োজনের উদ্যোক্তা। মাটির কাছাকাছি থেকে বাউল সাধকদের দর্শন ও মানবতার বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।

ইতিমধ্যে ভাব তরঙ্গের দুটি পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত ১০ জুলাই লালনগীতি পরিবেশনের মধ্য দিয়ে আসরটির যাত্রা শুরু হয়। এরপর ১৪ আগস্ট অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্ব ‘জালাল পর্ব’। এতে বাউল সাধক জালাল উদ্দীন খাঁর দেহতত্ত্ব ও সৃষ্টিতত্ত্বের গান পরিবেশন করেন স্থানীয় বাউলশিল্পীরা।

১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভাব তরঙ্গের তৃতীয় পর্ব ‘করিম পর্ব’। আয়োজক সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছে। এ পর্বে বাউল সম্রাট শাহ আবদুল করিমের কালজয়ী গান পরিবেশন করবেন শিল্পীরা।

আয়োজক সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আজ সংস্কৃতিকে একশ্রেণির মানুষ সস্তা বাণিজ্যিক বিনোদনের মাধ্যমে কলুষিত করছে। এর ফলে হারিয়ে যাচ্ছে আমাদের শেকড়ের সংস্কৃতির প্রকৃত রূপ। বাউল সাধকদের সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার বাণী সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।’

তিনি বলেন, ‘এ আয়োজনে কোনো আধুনিক যান্ত্রিকতা বা কৃত্রিম আভিজাত্য নেই। সম্পূর্ণ গ্রামীণ ও ঐতিহ্যবাহী আবহ ধরে রাখতে শিল্পীরা ব্রহ্মপুত্র নদের তীরে মাটিতে বসে গান পরিবেশন করেন।’

দোতারা, একতারা ও বেহালার সুরের সঙ্গে খালি গলায় বাউলদের পরিবেশনায় তৈরি হয় সহজিয়া লোকজ আবহ। দর্শক-শ্রোতারাও এই আয়োজনে অংশ নিয়ে উপভোগ করছেন বাউলগানের সুর ও দর্শন। আয়োজকদের মতে, নিয়মিত এ আয়োজনের মধ্য দিয়ে বাউল সংস্কৃতির মানবিক ও অসাম্প্রদায়িক দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

ময়মনসিংহে সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেন ও স্বজনপ্রীতির অভিযোগ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

ময়মনসিংহ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অব্যবস্থাপনায় ক্ষুব্ধ, তদন্তের নির্দেশ

ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

ভালুকায় ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

বর্জ্যের সঙ্গে হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছে চিকিৎসাসামগ্রী

ভালুকায় রিসোর্টে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

‘বিয়ের জন্য’ ঋণ না পেয়ে ব্যাংকই লুটের পরিকল্পনা

বর্জ্য সংরক্ষণাগারে মিলছে ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসাসামগ্রী, সমালোচনা

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক