ময়মনসিংহ জেলার নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মো. শুভ মিয়া (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার কানুরামপুর-ত্রিশাল সড়কের চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শুভ মিয়া কেন্দুয়া উপজেলার কমলপুর গ্রামের রিপন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্র। এ ঘটনায় শুভ মামা মোটরসাইকেলচালক পরশ (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। পরশ কেন্দুয়ার সাগলি এলাকার হাবিবুর রহমানের ছেলে।
জানা গেছে, গতকাল বিকেলে নেত্রকোনার কেন্দুয়া থেকে ময়মনসিংহের ভালুকা হাবিব বাইক কেয়ার নামে এক দোকানে মোটরসাইকেল কিনতে আসে পরশ ও শুভ। সেখান থেকে প্রায় দেড় লাখ টাকায় পুরোনো মোটরসাইকেল কেনে পরশ মিয়া। মোটরসাইকেলটি নিয়ে সন্ধ্যায় শুভ মিয়া ও পরশ মিয়া ভালুকা থেকে কেন্দুয়ায় রওনা দেয়। যাওয়ার পথে কানুরামপুর-ত্রিশাল সড়কের চরশ্রীরামপুর এলাকায় সড়কের পাশে বোরো ধানের খড়ের আঁটির মধ্যে পিছলে তাদের মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলচালক পরশ মিয়া ও পেছনে থাকা শুভ মিয়া ছিটকে পড়ে যায়। স্থানীয় এক পথচারী ও সিএনজিচালিত অটোরিকশাচালক তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে সেখানে শুভ মিয়া মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম।