হোম > সারা দেশ > ময়মনসিংহ

৩৯ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ায় চড়ে রাজকীয় বিদায় পেলেন প্রধান শিক্ষক

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রধান শিক্ষক মো. মুনায়েম খানকে গতকাল ঘোড়ায় চড়িয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

নিজ হাতে গড়া বিদ্যালয় থেকে অবসরে যাওয়ার দিনে ঘোড়ায় চড়ে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা পেয়েছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বারুইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. মুনায়েম খান। ঢাকঢোলের বাদ্য, ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হয়ে দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার ৯ নম্বর ধারা ইউনিয়নের বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনে তাঁর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

জানা যায়, ১৯৮৭ সালের ১ জানুয়ারি নিজ উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন মো. মুনায়েম খান। এরপর থেকে দীর্ঘ কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন তিনি।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর রাব্বীকুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিদায়ী প্রধান শিক্ষকের ছোট ভাই অ্যাডভোকেট আব্দুল মোতালেব খান ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল হান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রুখসানা আক্তার সুমী।

প্রধান শিক্ষক মো. মুনায়েম খানকে গতকাল ঘোড়ায় চড়িয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে বরণ করা হয়। পরে বক্তারা তাঁর দীর্ঘ কর্মজীবন, বিদ্যালয় প্রতিষ্ঠা এবং শিক্ষার প্রসারে অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর হাতে গড়া এ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন ও সাফল্যের গল্প।

বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মো. মুনায়েম খান বলেন, ‘আমি আমার অর্থ-সম্পদ, সুখ-দুঃখের অনেক সময় ব্যয় করেছি এই প্রতিষ্ঠানকে ঘিরে। চেষ্টা করেছি এলাকার জন্য কিছু করার। আমার অনেক ছাত্র আজ ভালো ভালো অবস্থানে রয়েছে। আমি সবার দোয়া চাই। মৃত্যু এবং বিদায় প্রায় পরিপূরক।’

অনুষ্ঠানের শেষ পর্বে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। পরে ঢাকঢোলের বাদ্য ও উৎসবমুখর পরিবেশে ঘোড়ায় চড়িয়ে তাঁকে বিদায় জানানো হয়। এ সময় অনেক শিক্ষার্থী ও সহকর্মী আবেগাপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য, বিদ্যালয়টিতে বর্তমানে চারজন নারী ও একজন পুরুষ শিক্ষক কর্মরত রয়েছেন। প্রধান শিক্ষক মো. মুনায়েম খানের অবসরের পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেছেন পারভেজ খান।

পাওয়ার কারসহ ১১ বগি ছেড়ে ২ কিমি গেল মোহনগঞ্জ এক্সপ্রেস

ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

ময়মনসিংহে বাঁশঝাড় থেকে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই বোন নিহত

‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলায় গ্রেপ্তার সেই নারীর জামিন

ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা

‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি

সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিলেন বিএনপি নেতা-কর্মীরা

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহে সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেন ও স্বজনপ্রীতির অভিযোগ