২০২৭ সালের নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাবিষয়ক পাঠ্যবইয়ে লিখিত পরীক্ষায় ৪০ এবং মাঠের খেলায় ৬০ নম্বর থাকবে। নির্ধারিত নম্বর না পেলে শিক্ষার্থীরা পাস করতে পারবে না।
আজ মঙ্গলবার বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আমিনুল ইসলাম।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শ্রেণির জন্য খেলাধুলার ওপর একটি বই তৈরি করা হয়েছে। ফুটবল, ক্রিকেটসহ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে থাকা আটটি ইভেন্টের ওপর বইটিতে পাঠ্যক্রম রাখা হয়েছে।
আমিনুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করা এবং মাদক থেকে দূরে রাখাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। সরকার পড়ালেখার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিচ্ছে।’
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সুযোগ দেওয়া হচ্ছে। দলমত-নির্বিশেষে দেশের ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মুন্সিগঞ্জ পৌরসভা দল ৩-১ গোলে লৌহজং উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।