মুন্সিগঞ্জের সিরাজদিখানে বসতঘর থেকে পাপ্পু হাওলাদার (৪০) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) বেলা ৩টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি গ্রামের মোল্লাবাড়ি জামে মসজিদসংলগ্ন নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পাপ্পু হাওলাদার ওই গ্রামের মৃত জাহাঙ্গীর হাওলাদারের ছেলে। তিনি ঢাকার একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন এবং অবিবাহিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের পর থেকে পাপ্পুকে আর বাড়ির বাইরে দেখা যায়নি। পরে সোমবার দুপুরে তাঁর ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর পরিবারের সদস্যরা জানালা দিয়ে উঁকি দিলে ঘরের মেঝেতে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, পাপ্পুর মা-বাবা মারা যাওয়ার পর তিনি বেশির ভাগ সময় ঢাকায় থাকতেন। মাঝে মাঝে গ্রামের বাড়িতে এসে একাই বসবাস করতেন। তাঁর ঘর থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাঁর মৃত্যু হওয়ায় মরদেহটি পচে অর্ধগলিত অবস্থায় পরিণত হয়। প্রাথমিক তদন্তে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।