১৪৪ ধারা জারির মধ্যে মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের চা-কন্যা ভাস্কর্য এলাকায় সড়ক বন্ধ করে তাঁদের গাড়িবহর আটকে দেওয়া হয়।
এ সময় গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে।
জানা যায়, আজ বিকেল ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংগঠনটির সদস্যসচিব আখতার হোসেন, উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহসহ আরও অনেকে।
শ্রীমঙ্গল শহর থেকে হবিগঞ্জে যাওয়ার পথে চা-কন্যা ভাস্কর্য এলকায় শ্রীমঙ্গল-শায়েস্তাগঞ্জ সড়কে পুলিশ বেরিকেড দিয়ে তাঁদের গাড়িবহর আটকে দেয়। এ সময় সড়কের দুপাশে শত-শত গাড়ি আটকে পড়ে।
সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, নিরাপত্তাজনিত কারণে তাঁদের আটকে দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে এনসিপির গাড়িবহর হবিগঞ্জের দিকে রওনা দিয়েছে। তবে হবিগঞ্জের মিরপুর এলাকার আগেই আবারও পুলিশ এনসিপির গাড়িবহর আটকে দেয়। এ সময় এনসিপির নেতারা গাড়ি থেকে নেমে সড়কে বসে পড়েন।