হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে চুরির ১২ ঘণ্টার মধ্যে ১১ ভরি সোনা উদ্ধার, আটক ১

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

১১ ভরি ১৪ আনা স্বর্ণালংকার উদ্ধার ও অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে চুরি হওয়ার ১২ ঘণ্টার মধ্যে ১১ ভরি ১৪ আনার স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে মো. মোমিন খান (৩৬) নামের এক টাইলসের মিস্ত্রিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টায় গাংনী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।

আটক মোমিন খান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের আলম খানের ছেলে।

পুলিশ জানায়, গাংনী উপজেলার মুন্দা মাঝের গ্রামের বাসিন্দা নার্গিস বানু (৪৬) বাড়িতে টাইলসের কাজ চলাকালে নিরাপত্তার জন্য ১১ ভরি ১৪ আনার স্বর্ণালংকার একটি প্লাস্টিকের পাত্রে রেখে উঠানের সিঁড়ির পাশে মাটির নিচে পুঁতে রাখেন। পরে তিনি দেখতে পান, ওই স্থান খুঁড়ে স্বর্ণালংকার চুরি করা হয়েছে।

বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, টাইলসের মিস্ত্রিদের একজন মাটি খুঁড়ে স্বর্ণালংকার বের করে অপর এক শ্রমিকের হাতে দেন। পরে তাঁরা বাড়ির পেছনের দিক দিয়ে সেগুলো নিয়ে চলে যান।

অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে মোমিন খানকে আটক করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

ভুক্তভোগী নার্গিস বানু বলেন, ‘চুরির ভয়ে স্বর্ণালংকার মাটির নিচে লুকিয়ে রেখেছিলাম। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সব স্বর্ণালংকার উদ্ধার করায় আমি কৃতজ্ঞ।’

গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, উদ্ধার হওয়া ১১ ভরি ১৪ আনার স্বর্ণালংকারের মূল্য প্রায় ২৫ লাখ টাকা। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে একজনকে আটক এবং চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মুজিবনগর সীমান্তের শূন্যরেখায় শেষবার মায়ের মুখ দেখলেন মেয়ে

ধারদেনা করে সোলার সেচপাম্প, তিন মাসে চুরি ছয় প্লেট

গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

মেহেরপুরে বাসের চাপায় শিক্ষার্থী নিহত

বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

গাংনী সীমান্তে ৬ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

গাংনীতে ঘন কুয়াশার চাদর, বাড়ছে শীতের আমেজ

গাংনী সীমান্তে শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধ

মেহেরপুরে গলায় হাঁসুয়া ধরে ভ্যান ও টাকা ছিনতাই

৮ বছর ধরে অকেজো জেনারেটর, মোবাইলের আলোয় রোগী দেখেন চিকিৎসকেরা