মেহেরপুরের গাংনী উপজেলায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের দুই ব্যক্তির বাড়ির সামনে থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার সকালে নওদাপাড়া গ্রামের বিলপাড়া এলাকার নিজাম উদ্দিন ও এমদাদুল হকের বাড়ির মূল ফটকের সামনে কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বস্তু দেখতে পান পরিবারের সদস্যরা। রাতের আঁধারে কে বা কারা কী উদ্দেশ্যে এগুলো সেখানে রেখে গেছে, তা তাঁরা বলতে পারেননি। এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ককটেলসদৃশ বস্তু দুটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহন আলী বলেন, সকালে বাড়ির লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তুগুলো নিরাপদে নিয়ে যায়।
ভবানীপুর পুলিশ ক্যাম্পের এসআই মো. আব্দুল করিম জানান, কালো টেপ দিয়ে মোড়ানো বস্তু দুটি উদ্ধারের পর নিষ্ক্রিয়করণের অংশ হিসেবে পানিতে ভরা বালতিতে রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে এবং এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্য এলাকাবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলসদৃশ বস্তু দুটি উদ্ধার করে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।