হোম > সারা দেশ > মানিকগঞ্জ

‎হরিরামপুরে শ্মশান থেকে মাথার খুলি চুরি, গ্রেপ্তার ৩

মানিকগঞ্জ প্রতিনিধি

গ্রেপ্তারকৃত তিন আসামি। ছবি: সংগৃহীত

‎মানিকগঞ্জের হরিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান ঘাট থেকে মাথার খুলি চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ‎বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ধূকশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে রাজেশ বিশ্বাস (৩৪), বাবুরহাটি গ্রামের সুশীল সরকারের ছেলে শিশির সরকার (২১) ও একই গ্রামেরই প্রতিত বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (২২)।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ধূলশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মহাশ্মশান হতে খুলি চুরি হয়। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ খুলি চুরির দায়ে শ্মশানের সভাপতি দ্বিজেন হালদার বাদী হয়ে বুধবার হরিরামপুর থানায় গ্রেপ্তারকৃত তিনজনের নাম উল্লেখ করে ২৯৭/৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করেন। ওই দিন বিকেলেই বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।‎

‎এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ শ্মশান ঘাট থেকে খুলি চুরির অভিযোগে মামলা করেন শ্মশান ঘাটের সভাপতি। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয় এবং আজ সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। ‎