মানিকগঞ্জ সদর উপজেলার বাঘিয়া এলাকায় অভিযান চালিয়ে ২১৫ গ্রাম হেরোইন ও ৬০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম। এর আগে গতকাল শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার বাঘিয়া এলাকায় এসআই আসাদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সে সময় বাঘিয়া এলাকার মামুন মিয়ার ছেলে মো. ইমন (২৮) এবং একই এলাকার জংগু মিয়ার ছেলে দিদারুল ইসলাম ওরফে দীপুকে (৪৩) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় ইমনের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন ও ২০টি ইয়াবা এবং দিদারুল ইসলামের কাছ থেকে ৪০টি ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা। এই ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’