মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সেলফি পরিবহনের একটি বাস প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটির ব্রেক বিকল হয়ে যায়। পরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের দুই সেতুর মাঝখানের খালে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মো. দেলোয়ার হোসেন (৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয়। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় অন্তত ৪০ থেকে ৪৫ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে শিবালয় থানা-পুলিশ, বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি এবং শিবালয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।