মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামে ‘গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা’ নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) মালিক মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে। সঞ্চিত টাকা ফেরত এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মৌহালী বাজার এলাকায় মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা।
‘গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা’-এর সর্বস্তরের ক্ষতিগ্রস্ত গ্রাহকবৃন্দের ব্যানারে আয়োজিত মানববন্ধনে শতাধিক ভুক্তভোগী নারী-পুরুষ অংশ নেন। কর্মসূচিতে তারা কষ্টার্জিত টাকা ফেরতের দাবি জানান এবং নাসির উদ্দিনের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা অভিযোগ করেন, মৌহালী গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে এবং গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার মালিক মোঃ নাসির উদ্দিন এলাকার সরল-সোজা ও অসহায় মানুষদের অধিক মুনাফা ও সহজ ঋণের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আমানত সংগ্রহ করেন। পরে গ্রাহকেরা লভ্যাংশ ও মূল টাকা ফেরত চাইলে তিনি টালবাহানা শুরু করেন।
ক্ষতিগ্রস্তদের ভাষ্য, ঋণ দেওয়ার নাম করে বিভিন্ন সময়ে অসহায় নারীদের সঙ্গেও প্রতারণা করা হয়েছে।
মানববন্ধনে প্রতারণার শিকার স্থানীয় একাধিক ভুক্তভোগী তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন।
ভুক্তভোগী মৌহালী গ্রামের ইসমাইল হোসেন বলেন, `আমরা দিনমজুর ও সাধারণ মানুষ। বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের কষ্টের জমানো টাকা নাসির উদ্দিন হাতিয়ে নিয়েছে। এখন টাকা চাইতে গেলে আমাদের বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমরা আমাদের আসল টাকা ফেরত চাই এবং এই প্রতারকের সর্বোচ্চ শাস্তি চাই।'
মানববন্ধনে বক্তারা স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।