হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুর হাসপাতাল: কর্মীর অভাবে অচল ১০ আইসিইউ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর হাসপাতাল। ছবি: সংগৃহীত

হাসপাতালের ভবন নতুন, আধুনিক সব যন্ত্রপাতি এবং ১০টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। তবে জনবলের অভাবে এসবের কোনোটাই কাজে লাগানো যাচ্ছে না। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। আর দূরের হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে অনেকে। এই চিত্র মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের।

১০০ শয্যা থেকে হাসপাতাল ভবন ২৫০ শয্যায় উন্নীত করা হয় ২০১৯ সালে। ওই বছরের ১২ নভেম্বর গণপূর্ত অধিদপ্তর কাজ শেষ করে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে। এরপর দীর্ঘ সময় এভাবেই পড়ে থাকে। পরে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি ৩০ কোটি টাকা ব্যয়ে হাসপাতালটির উদ্বোধন করা হয়। এরপর ৩ কোটি টাকার আইসিইউসহ বিভিন্ন যন্ত্রপাতি কেনা হয়। রোগীদের সেবা দেওয়ার জন্য ২০২৩ সালের নভেম্বরে উদ্বোধনও করা হয় আইসিইউ। তবে লোকবলের অভাবে দীর্ঘদিন ধরে পড়ে আছে আইসিইউ। হাসপাতাল সূত্র জানিয়েছে, এভাবে পড়ে থাকায় দিন দিন যন্ত্রপাতিগুলোর গুণগতমান নষ্ট হয়ে যাচ্ছে।

এ ছাড়া হাসপাতালে থাকা সিটিস্ক্যান মেশিন, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম মেশিনসহ অধিকাংশ যন্ত্রপাতিই জনবলসংকটের জন্য অলসভাবে পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে।

মাদারীপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৯৭ জনবলের বিপরীতে আছে ১৩৮ জন। খালি পদের সংখ্যা ৫৯টি। এর মধ্যে প্রথম শ্রেণির ৫৬ পদে রয়েছেন ১৯ জন। শূন্য পদ ৩৭টি। দ্বিতীয় শ্রেণিতে শূন্য রয়েছে ১টি। তৃতীয় শ্রেণিতে খালি ৫টি পদ। চতুর্থ শ্রেণির ৪৫ জনের মধ্যে রয়েছে ২৯ জন, খালি ১৬টি পদ। এসব পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসক পদে ৩৭টি খালি রয়েছে। এতে সেবা পাওয়া যাচ্ছে না। হতাশ রোগীরা।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা লাবনী বেগম বলেন, ‘এখানে ১০ বেডের আইসিইউ থাকলেও চালুর অভাবে আমরা সেবা পাচ্ছি না। জেলাবাসীর জন্য এই আইসিইউটি খুবই জরুরি। এটি চালু থাকলে আমাদের মতো গরিব রোগীদের ফরিদপুর বা ঢাকায় যেতে হবে না।’

সিভিল সার্জন অফিস ও সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, মাদারীপুরের পাঁচটি উপজেলার মধ্যে চারটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও ডাসার উপজেলায় এখনো নির্মাণ করা হয়নি স্বাস্থ্য কমপ্লেক্স।

নিরাপদ চিকিৎসা চাইর মাদারীপুরের সভাপতি মশিউর রহমান পারভেজ বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে আইসিইউ সেবার জন্য যন্ত্রপাতি কেনা হলেও সেবা দেওয়ার কোনো অগ্রগতি নেই। তাই জনগণের সেবার কথা চিন্তা করে দ্রুত আইসিইউ চালু করা হোক। পাশাপাশি মাদারীপুর জেলা ও উপজেলার সব সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে জনবল নিয়োগ দিয়ে সেবা নিশ্চিত করা হোক, এটা মাদারীপুরবাসীর দীর্ঘদিনের দাবি।

মাদারীপুর জেলার সিভিল সার্জন শরিফুল আবেদীন কমল বলেন, মাদারীপুরের জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় কিছুসংখ্যক চিকিৎসক থাকলেও যোগদানের পরপরই অনেকে অন্যত্র চলে যান। জেলার সব সরকারি হাসপাতালেই জনবলসংকট রয়েছে। এ ব্যাপারে বারবার চিঠি দেওয়া হচ্ছে, মৌখিকভাবে জানানোও হয়েছে। কিন্তু জনবল নিয়োগ দিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের ঘটনায় যা বললেন মাদারীপুরের পুলিশ সুপার

একমাত্র ছেলেকে নিজেই পুলিশে দিলেন মা

প্রধানমন্ত্রী তারেক রহমানের বহরের গাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগ, তদন্ত করছে পুলিশ

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নেতা-কর্মীদের ভিড়, স্লোগানে মুখরিত মহাসড়ক

মাদারীপুরে থানার গ্রিল ভেঙে পালালেন আটক হাসিনা, এসআই-কনস্টেবল প্রত্যাহার

বিএআরএফের সভাপতি নিজামুল হক ও সম্পাদক কাওসার আজম

শিবচরে ‘পদ্মা পাড়ের জীবনযুদ্ধ’ শীর্ষক বন্যা ও দুর্যোগ মোকাবিলা মাঠ মহড়া

স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

ককটেল ফাটিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিয়ে গেল সহযোগীরা

শিবচরে কাভার্ড ভ্যানের ধাক্কায় চাচি-ভাতিজির মৃত্যু, আহত ৫