হোম > সারা দেশ > কুষ্টিয়া

ভাড়া বাসা থেকে ট্রাকচালকের মরদেহ উদ্ধার, থানায় হত্যা মামলা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুরের খলিশাকুন্ডি বাজার এলাকার আসাদুল ইসলামের বাড়িতে ভিড় জমান প্রতিবেশী ও স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুরের খলিশাকুন্ডি ইউনিয়নে একটি ভাড়া বাসা থেকে উজ্জ্বল হোসেন (৩৫) নামের এক ট্রাকচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেছে নিহত ব্যক্তির পরিবার।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খলিশাকুন্ডি বাজার এলাকার আসাদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত উজ্জ্বল হোসেন পার্শ্ববর্তী জেলা মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামের ইমান আলীর ছেলে।

পুলিশ ও বাড়ির মালিক সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে উজ্জ্বল বাসাটি ভাড়া নেন। তিনি একাই সেখানে বসবাস করতেন। মাঝেমধ্যে তাঁর ট্রাকের হেলপাররা আসা-যাওয়া করতেন। চলতি মাসের ১০ তারিখে সর্বশেষ বাড়ির মালিকের সঙ্গে তাঁর কথা হয় এবং তিনি ৩ হাজার টাকা ভাড়া পরিশোধ করেন।

মঙ্গলবার দুপুরে দ্বিতীয় তলার কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি সন্দেহজনক মনে করে বাড়ির মালিক পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের তালা ভেঙে লেপে মোড়ানো অবস্থায় অর্ধগলিত ওই মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় এক সপ্তাহ আগে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহত ব্যক্তির বাবা ইমান আলী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রাতে থানায় হত্যা মামলা করেন বলে জানিয়েছে দৌলতপুর থানা-পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বাড়ির মালিকের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি কয়েক দিন আগের বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কুষ্টিয়ায় ৩২ ঘণ্টা পর পরিবহনশ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

দৌলতপুরে পীর হত্যা: প্রকাশ্যে ঘুরছেন আসামি, গ্রেপ্তার নেই

ইবি শিক্ষিকা হত্যার বিচারের দাবিতে প্রশাসন ভবন ও ফটকে তালা

কুষ্টিয়ায় পীরকে হত্যা: সাবেক শিবির নেতার হুকুমে হামলা চালায় আসামিরা

দৌলতপুরে পীর হত্যার ঘটনায় মামলা: জামায়াত কর্মীসহ ৪ জনের নাম

দৌলতপুরে ‘পীর’ শামিম হত্যায় মামলা, আসামি অন্তত দুই শতাধিক

এবার ডি‌সি বদলি নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ, আমির হামজাকে নোটিশ

পীর হত্যা ও আস্তানায় হামলা: মামলা করতে নারাজ পরিবার