কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে বছিরন বেওয়া (৬৬) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বছিরন বেওয়া ওই এলাকার নছির উদ্দিনের স্ত্রী।
রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে রমনা কমিউটার ট্রেনটি উলিপুর থেকে চিলমারীর দিকে যাচ্ছিল। ট্রেনটি তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন বছিরন বেওয়া। এতে তাঁর একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
লালমনিরহাট রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, মৃত্যুর ঘটনাটি রেলওয়ে পুলিশ তদন্ত করবে। এ বিষয়ে তাদের জানানো হয়েছে।