হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে সার বিক্রেতার জরিমানা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

কুড়িগ্রামের চরভূরুঙ্গামারী ইউনিয়নে অভিযান চালিয়ে দুই সার ব্যবসায়ীকে জরিমানা করেছে প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগে দুই সার বিক্রেতাকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নে অভিযান চালিয়ে এক খুচরা বিক্রেতাকে ৫ হাজার এবং বিসিআইসি অনুমোদিত এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চরভূরুঙ্গামারী ইউনিয়নে সরকার নির্ধারিত ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ১ হাজার ৪৫০ টাকা দরে ইউরিয়া সারের বস্তা বিক্রির অভিযোগ ওঠে। অভিযোগের পর সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

খুচরা সার বিক্রেতা আসাদুল আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আসাদুল আলম বলেন, ‘না বুঝে দুই ক্রেতার কাছ থেকে বস্তাপ্রতি ১০০ টাকা করে বেশি নেওয়া হয়েছিল। বেশি দাম নেওয়ার বিষয়টি জানার পর ওই দুই ক্রেতাকে অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়েছে।’

আর খুচরা বিক্রেতা ডিলারের কাছ থেকে সার নিয়ে বেশি দামে বিক্রি করলেও ডিলার তা পর্যবেক্ষণ না করায় সার ডিলার মেসার্স এনএস ফার্টিলাইজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মেসার্স এনএস ফার্টিলাইজারের স্বত্বাধিকারী নিতাই চন্দ্র সাহা বলেন, ‘উপজেলা প্রশাসনের নির্ধারিত দামেই সার বিক্রি করা হয়েছে। প্রশাসনের নির্ধারিত দামে বিক্রির পরও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। অপরাধ না করেও জরিমানা গুনতে হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় খুচরা বিক্রেতাকে ৫ হাজার এবং বিষয়টি পর্যবেক্ষণ না করায় সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অমৃত দেব নাথ বলেন, একটি চক্র সরকার ও উপজেলা প্রশাসনকে বেকায়দায় ফেলতে সার নিয়ে বিভিন্ন ধরনের পাঁয়তারা করছে। সার নিয়ে কোনো অনিয়ম হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।