কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তিন হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে পুলিশ। আজ সোমবার দুপুরের দিকে আন্ধারীঝাড় ইউনিয়নের বামনের কুঠি এলাকা থেকে এ জাল জব্দ করা হয়।
পুলিশ জানায়, বামনের কুঠির নুর নবীর (৩৫) বাড়িতে ৪২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পাওয়া যায়। জব্দ করা জালের আনুমানিক দৈর্ঘ্য ৩ হাজার মিটার বা ৩ কিলোমিটার। নুর নবী জালগুলো বিক্রির উদ্দেশ্যে মজুত করে রেখেছিলেন। অভিযানের সময় নুর নবী বাড়িতে না থাকায় পুলিশ তাঁকে আটক করতে পারেনি।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, চায়না দুয়ারি বা ম্যাজিক জাল অত্যন্ত ক্ষতিকর মাছ ধরার ফাঁদ। এতে ছোট-বড় যেকোনো জলজ প্রাণী একবার ঢুকলে আর বের হতে পারে না। দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য ধ্বংসের কারণে বাংলাদেশে এই জাল উৎপাদন, আমদানি ও ব্যবহার আইনত দণ্ডনীয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী এ ধরনের জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। দেশীয় জীববৈচিত্র্য রক্ষার্থে নিষিদ্ধ এই জালের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।