হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নদের তলদেশে তিতাসের পাইপলাইনে লিকেজ, আতঙ্ক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর গ্রামে আড়িয়াল খাঁ নদের তলদেশ দিয়ে যাওয়া তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইনে বড় ধরনের লিকেজ দেখা দিয়েছে। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর গ্রামে আড়িয়াল খাঁ নদের তলদেশ দিয়ে যাওয়া তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইনে বড় ধরনের লিকেজ দেখা দিয়েছে। এ ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি করেছে। দীর্ঘদিন ধরে উচ্চচাপে গ্যাস নিঃসরণে নদের পানির ওপর সারাক্ষণ বুদ্‌বুদ দেখা যাচ্ছে এবং বাতাসে ছড়িয়ে পড়ছে তীব্র গ্যাসের গন্ধ। এদিকে, একটি চুন তৈরির কারখানায় অবৈধভাবে গ্যাস-সংযোগ নেওয়ার চেষ্টার সময় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠলেও বিষয়টির সত্যতা এখনো তদন্তে নিশ্চিত হয়নি।

স্থানীয় বাসিন্দা ও তিতাস গ্যাস সূত্রে জানা গেছে, প্রায় তিন দশক আগে নরসিংদী থেকে কিশোরগঞ্জে গ্যাস সরবরাহের জন্য আড়িয়াল খাঁ নদের তলদেশ দিয়ে এই সঞ্চালন পাইপলাইন স্থাপন করা হয়। সম্প্রতি পাইপলাইনের একটি ওয়েল্ডিং জয়েন্টে লিকেজ সৃষ্টি হলে সেখান থেকে উচ্চচাপে গ্যাস নিঃসরণ হতে থাকে। পানির নিচ থেকে বুদ্‌বুদ উঠতে থাকায় বিষয়টি নজরে আসে স্থানীয় লোকজনের।

অনুসন্ধানে জানা যায়, স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্যের সহযোগিতায় গত জুনের প্রথম দিকে নদের তীরে ১৭ শতাংশ জমির ওপর একটি চুনের কারখানা স্থাপন করা হয়। কারখানাটির মালিক সুনামগঞ্জের ছাতক উপজেলার বাজনামহল এলাকার দেলোয়ার হোসেন তালুকদার। তিনি জমি ও রাস্তা ব্যবহারের জন্য পৃথক দুটি চুক্তিপত্র করেন, যেখানে অবৈধ কোনো কার্যক্রম না চালানোর শর্ত ছিল।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গত জুন মাসের মাঝামাঝি সময়ে রাতের অন্ধকারে নদের তলদেশে থাকা গ্যাস পাইপলাইনে লিকেজ করে সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু প্রবল বৃষ্টির কারণে কাজ সম্পন্ন না করে লিকেজ হওয়া অংশ কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়। কিছুদিন পর নদের পানিতে গ্যাসের বুদ্‌বুদ ও তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। অভিযোগ ওঠার পরপরই কারখানা বন্ধ করে মালিক ও কর্মচারীরা পালিয়ে যান।

কাজীরচর গ্রামের বাসিন্দা সোহেল মিয়া ও বিল্লাল মিয়া বলেন, মাসখানেক আগে সন্ধ্যার দিকে কয়েকজন ব্যক্তি নদের তীরের ওই কারখানায় গ্যাস-সংযোগ দেওয়ার চেষ্টা করেন। পরিচয় জানতে চাইলে তাঁরা নিজেদের তিতাস গ্যাসের লোক বলে দাবি করেন। এর কিছুদিন পরই পাইপলাইন থেকে গ্যাস নিঃসরণ শুরু হয়। কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো সুরাহা হয়নি।

লিকেজ মেরামতের দায়িত্বে থাকা নোমান মিয়া বলেন, পাইপলাইনের ওয়েল্ডিং অংশে বড় ধরনের লিকেজ হওয়ায় মেরামতকাজ জটিল হয়ে পড়েছে। কয়েক সপ্তাহ ধরে ২০ থেকে ২৫ জন কর্মী নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। দ্রুততম সময়ের মধ্যে সমাধানের চেষ্টা চলছে।

মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক জানান, বিষয়টি জানার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে চুন তৈরির কারখানার বিষয়ে তাঁর কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।

অভিযোগের বিষয়ে জানতে চুন তৈরির কারখানার মালিক বা তাঁর কোনো প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

তিতাস গ্যাসের কিশোরগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক মোশারফ হোসেন বলেন, নদের তলদেশে থাকা এই পাইপলাইনটি ময়মনসিংহ জোনের অধীনে। তাই এ বিষয়ে ওই জোনের কর্মকর্তারাই বিস্তারিত তথ্য দিতে পারবেন।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ বলেন, লিকেজের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিকেজের পাশেই পাথর থেকে চুন তৈরির একটি কারখানা রয়েছে। কারখানাটির বৈধ কাগজপত্র যাচাই করা হবে। তদন্তের মাধ্যমে জানা যাবে, অবৈধ গ্যাস-সংযোগ নেওয়ার চেষ্টার সময় পাইপলাইনে লিকেজের ঘটনা ঘটেছে কি না।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চলন্ত ট্রেন থেকে এসির মোটর চুরি, ধাওয়া দিয়ে আটক ২

ভৈরবে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, পরিচয় শনাক্তের চেষ্টা

স্বামীর নির্মম খুনের ২ মাস পর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রী অন্তরার

ধান রোপণ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভৈরবে ট্রাফিক জ্যামে থাকা একাধিক যানবাহনে বাসের ধাক্কা, আহত অন্তত ১০

মিঠামইনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইবোনের

ভৈরবে অবৈধ চায়না দুয়ারি জালের গুদাম ও বেকারিতে অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা

ভৈরবে পুকুরে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী: দেশে শেখ হাসিনার জন্য হাজার হাজার ফাঁসির মঞ্চ প্রস্তুত