হোম > সারা দেশ > খুলনা

অপরাধ দমনে জনগণের সাহায্য লাগবে, পুলিশের একার পক্ষে সম্ভব নয়: খুলনার এসপি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার পুলিশ সুপার (এসপি) সরকার ওমর ফারুক। ছবি: সংগৃহীত

অপরাধীদের সংখ্যা খুবই কম। কাজেই পুলিশ, প্রশাসন, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণ কোনো জটিল বিষয় হবে না বলে মন্তব্য করেছেন খুলনার পুলিশ সুপার (এসপি) সরকার ওমর ফারুক।

আজ মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় সরকার ওমর ফারুক এসব কথা বলেন।

এসপি ওমর ফারুক বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার চেষ্টা করব। তবে পুলিশের একার পক্ষে সবকিছু সম্ভব নয়। জনগণের সাহায্য লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে।’

এসপি বলেন, অপরাধ ও বিভিন্ন সমস্যার বিষয়ে তথ্য পুলিশের কাছে পৌঁছে দিতে হবে। সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কাজ করতে চায়। এর মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষা হবে।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে নতুন এসপি বলেন, মাদকদ্রব্য, চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের বিষয়ে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। এসব সমস্যা মোকাবিলায় পুলিশ, জেলা প্রশাসন ও সাংবাদিক কমিউনিটিসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ওমর ফারুক বলেন, একা কোনো পক্ষের পক্ষে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। জনগণ, সাংবাদিক, পুলিশ, প্রশাসন, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী মানুষ একসঙ্গে কাজ করলে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

মতবিনিময় সভায় খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্রসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।