খুলনা নগরীতে আব্দুল্লাহ প্যাথলজিতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে শান্তিধাম মোড়ের শামসুর রহমান রোডের পাশে এ হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা ক্যানসারের স্যাম্পল দিতে শান্তিধাম মোড়ের আব্দুল্লাহ প্যাথলজিতে আসেন। স্যাম্পল পরীক্ষার বাবদ দুই হাজার টাকা চান প্যাথলজি কর্তৃপক্ষ। এ ছাড়া ওই স্যাম্পল সংরক্ষণ করার জন্য এক দিনের সময় চান তাঁরা। তাঁদের মধ্যে থাকা ইমন নামের এক যুবক দুই হাজার টাকা দিতে অস্বীকার করেন এবং সময়ের কারণ জানতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি এবং একপর্যায়ে হাতাহাতি হয়।
এরপর তাঁরা বাইরে গিয়ে প্যাথলজিকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় দুর্বৃত্তরা আব্দুল্লাহ প্যাথলজির চিকিৎসক মাহাবুবুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
খুলনা থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ্ত সাহা বলেন, দুর্বৃত্তদের মধ্যে থাকা ইমন নামের এক যুবক চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। যাওয়ার সময় তাঁরা কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্যাথলজি কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।