খাগড়াছড়ির রামগড়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ ধাওয়া করে একটি প্রাইভেট কার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় গাড়ির চালক মো. খালিদ হোসেনকে (২৯) আটক করা হয়। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার ১ নম্বর ওয়ার্ডের রাতু মিরাপাড়া এলাকার হুমায়ুন কবিরের ছেলে।
গতকাল শনিবার মধ্যরাতে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে খাগড়াছড়ি থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেট কার জালিয়াপাড়া সড়ক অতিক্রম করার সময় স্থানীয়দের সন্দেহ হয়। চালক গাড়ি না থামিয়ে দ্রুতবেগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা হাফছড়ি পুলিশ ফাঁড়িতে বিষয়টি অবহিত করেন।
পরবর্তীতে পুলিশ ও স্থানীয় জনতা যৌথভাবে গাড়িটির পিছু ধাওয়া করে নাকাপা বাজার এলাকায় সেটির গতিপথ রোধ করে।
এ সময় উত্তেজিত জনতা গাড়িটির সামনের কাচ ভাঙচুর করে। এ সময় তিনি সামান্য আহত হন। পরে প্রাইভেট কারটিতে তল্লাশি চালিয়ে দুটি বস্তা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক চালককে এখন রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি পুলিশের হেফাজতে রয়েছে।’
তিনি আরও জানান, উদ্ধারকৃত গাঁজার মূল সরবরাহকারী ও গন্তব্য চিহ্নিত করতে চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।