হোম > সারা দেশ > খাগড়াছড়ি

সাজেকে ফের সকাল-সন্ধ্যা অবরোধ, যান চলাচল বন্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি

রাঙামাটির সাজেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ও বৌদ্ধধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উদ্‌যাপন উপলক্ষে এক পক্ষ অবরোধ শিথিলের ঘোষণা দিলেও একই দিনে পাল্টা ১২ ঘণ্টার সড়ক অবরোধ পালন করছে অন্য একটি সংগঠন।

আজ রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাজেক-দীঘিনালা সড়কে নতুন করে এ অবরোধ কর্মসূচির ডাক দেয় ‘পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি’।

এর আগে, নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা এবং কঠিন চীবর দান উপলক্ষে বৌদ্ধ ভিক্ষুদের যাতায়াত সুগম করতে আজ রোববার ১২ ঘণ্টার জন্য অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছিল ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’।

তবে নতুন করে পাল্টা অবরোধের কারণে আজ সকাল থেকেই সাজেক-দীঘিনালা সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

অবরোধের সমর্থনে পিকেটারদের সড়কের বিভিন্ন পয়েন্টে টায়ার পুড়িয়ে এবং গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করতে দেখা গেছে।

শনিবার রাতে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির সদস্যসচিব বিন্দু লাল চাকমার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেকে সহিংসতা, পাহাড়ি সশস্ত্র দলগুলোর অপতৎপরতা এবং সম্প্রতি কলাবুনিয়া এলাকায় গোলাগুলির প্রতিবাদে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।

সংগঠনটির সদস্যসচিব বিন্দু লাল চাকমা বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাজেক সড়কে অবরোধ কর্মসূচি পালন করছি। কর্মসূচি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সংবাদকর্মীদের যানবাহন অবরোধের আওতামুক্ত রাখা হয়েছে।’

অন্যদিকে, শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা রোববার সাজেকে ১২ ঘণ্টার জন্য অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছিলেন।

তিনি জানিয়েছিলেন, পণ্যবাহী গাড়ি ও কঠিন চীবর দান অনুষ্ঠানের যানবাহনের জন্য সমন্বয় সাপেক্ষে যাতায়াত সহজ করা হবে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবিতে গত ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।

ধারাবাহিক এই অবরোধের ফলে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন রয়েছে। বাজারে খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধের তীব্র সংকট তৈরি হওয়ার পাশাপাশি পুরোপুরি বন্ধ রয়েছে পর্যটন কার্যক্রম।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২৬ অক্টোবর উজো বাজারে আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠক হলেও মূল দাবির বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় আন্দোলন অব্যাহত থাকে।

নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে গত ২২ অক্টোবর থেকে সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করে রেখেছে স্থানীয় জেলা প্রশাসন।

দ্রুতগতির প্রাইভেট কার দেখে সন্দেহ, ধাওয়া করে মিলল ৪০ কেজি গাঁজা

সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের গোলাগুলি

খাগড়াছড়িতে কঠিন চীবরদান, মাসব্যাপী উৎসব শুরু

লক্ষ্মীছড়িতে সেনা অভিযানে ৩০ লাখ টাকার কাঠ-বাঁশ জব্দ

নাইক্ষ্যংছড়িতে পানির নিচ থেকে ৩ বস্তা ইয়াবা উদ্ধার, নারী আটক

জামায়াত ও ফ্যাসিস্টরা মিলে দেশে ষড়যন্ত্র করছে: ওয়াদুদ ভূঁইয়া

রামগড় প্যাসেঞ্জার টার্মিনাল প্রকল্প পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল

সাজেক অবরোধ: পাঁচ দাবির চারটিতে সমঝোতা, দ্রুত অবরোধ তোলার আশা

সাজেকের সার্বিক নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা

খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ