খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, অর্থনৈতিকভাবে বিধ্বস্ত দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে সরকারকে সহযোগিতার আহ্বান জানান।
আজ মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের পৌর টাউন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘ফ্যাসিস্টদের হাতে এই দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়েছিল। দেশে সুশাসনের অভাব ছিল, আইনশৃঙ্খলা ভেঙে পড়েছিল। শত শত, হাজার হাজার মৃত্যুর বিনিময়ে গণতন্ত্রকামী মানুষ দেশকে আবার উদ্ধার করে তারেক রহমানের হাতে দায়িত্ব দিয়েছে।’
ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘প্রতিটি খাত আজ দুর্বল। এই অবস্থা থেকে বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের সরকার, তারেক রহমানের সরকারকে ধৈর্যের সঙ্গে সহযোগিতা করতে হবে।’
যুবকদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলে দেশের স্বার্থে কাজে লাগানোর জন্য জাতীয়তাবাদী যুবদল সৃষ্টি করা হয়েছে বলেও মন্তব্য করেন ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, ৪৮ বছর আগে যুবদলের জন্ম হয়। যুবদল এখন বাংলাদেশের দ্বিতীয় দল এবং শক্তিশালী দলে রূপান্তর হয়েছে।
জামায়াত ও ফ্যাসিস্টরা দেশে ষড়যন্ত্র করছে অভিযোগ করে ওয়াদুদ ভূঁইয়া বলেন, দেশকে রক্ষা করতে এই ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এর আগে বিকেলে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জিয়া ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ শেষে পৌর টাউন হলে গিয়ে শেষ হয়। পরে বেলুন ও শান্তির পায়রা ওড়ানো হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছার, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুর রহমান ওয়াসিমসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ বলেন, কর্মসূচির অংশ হিসেবে ভোরে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দুস্থ ও এতিমদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ, বিনা মূল্যে রক্তদান এবং রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।