হোম > সারা দেশ > জয়পুরহাট

জবাইয়ের পর গাভির পেটে মিলল মৃত বাছুর, ঝোপে ফেলে বিক্রি হচ্ছিল মাংস

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে আট মাসের গর্ভবতী গাভি জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। গাভিটির পেট থেকে মৃত বাছুর বের হওয়ার পর সেটি পাশের ঝোপে ফেলে রাখা হয় বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।

আজ শুক্রবার জামালগঞ্জ বাজারের গোশতহাটিতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়লে স্থানীয় সালিসে ওই কসাইকে বাজারে দুই মাস মাংস বিক্রি করতে নিষেধ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাংস ব্যবসায়ী মোস্তেন একটি গাভি জবাই করেন। পরে পেট কাটার সময় দেখা যায়, গাভিটি প্রায় আট মাসের গর্ভবতী। পেট থেকে একটি মৃত অপরিণত বাছুর বেরিয়ে আসে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাছুরটি গোশতহাটির পাশের একটি ঝোপে ফেলে রেখে গাভির মাংস বিক্রি করা হচ্ছিল।

বিষয়টি জানাজানি হলে ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে কসাই মোস্তেনকে ঘিরে ধরেন। তাঁদের প্রতিবাদের মুখে মাংস বিক্রি বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অতিরিক্ত মুনাফার আশায় গর্ভবতী গাভিটি জবাই করা হয়েছে। তাঁরা এ ঘটনাকে অমানবিক ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন।

অভিযোগের বিষয়ে কসাই মোস্তেন বলেন, ‘গাভিটি কিনে এনে জবাই করেছিলাম। গাভিটি গর্ভবতী ছিল, তা আগে জানতাম না। জবাইয়ের পর এর পেট থেকে মৃত বাছুর বের হয়।’

পরে জামালগঞ্জ বাজারের ব্যবসায়ী ও রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর ইসলাম ছোয়াতের ব্যবসাপ্রতিষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও নেতারা বসে বিষয়টি নিয়ে আলোচনা করেন।

আমিনুর ইসলাম বলেন, গাভি জবাইয়ের পর পেট থেকে মৃত বাছুর বের হলে কসাই সেটি গোপনে ফেলে রেখে মাংস বিক্রি করছিলেন। বিষয়টি জানাজানি হলে বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করা হয়েছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, এ বিষয়ে থানা-পুলিশকে কেউ কিছু জানাননি। তাই ঘটনাটি সম্পর্কে তাঁর জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর রহমান বলেন, ‘ঘটনাটি জানার পর সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যে বিএনপি নেতা আমিনুর ইসলাম আমাকে স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগের কথা জানান। ওই কসাইকে দুই মাস জামালগঞ্জ বাজারে মাংস বিক্রি করতে দেওয়া হবে না বলে আমাকে জানানো হয়েছে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো গরু জবাই করতে দেওয়া হবে না বলেও স্থানীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে।’

মালিকদের বিরোধে বন্ধ গভীর নলকূপ, সেচসংকটে ২০০ বিঘা জমি

২৩ বছর পর হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন

পাঁচবিবিতে ৮৯ লাখ টাকার কষ্টিপাথরের ৩ মূর্তি উদ্ধার, আটক ২

সিঁথিতে সিঁদুর দিতে চাওয়ায় বিরোধ, সালিসে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর-লুটপাট

থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ

পাঁচবিবিতে অটোচালককে কুপিয়ে হত্যা, নিখোঁজ অটোরিকশা