হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে স্বামীর ফার্নিচার কারখানা থেকে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

ঝিনাইদহ প্রতিনিধি

ফার্নিচার কারখানা ঘিরে রেখেছে জনতা। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে স্বামীর কাঠের ফার্নিচার কারখানা থেকে স্ত্রী তাসলীমা খাতুনের (৩৮) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (১২ অক্টোবর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

এ ঘটনার পর থেকেই নিহতের স্বামী, কাঠ ব্যবসায়ী লাল মিয়া (৪০) পলাতক রয়েছেন। লাল মিয়া গোপীনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে তাসলীমা খাতুন স্বামীকে দুপুরের খাবার দেওয়ার জন্য ফার্নিচার কারখানায় যান। এর পর থেকে তাঁর আর খোঁজ মেলেনি। পরিবারের অন্য সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টার দিকে স্বামীর তালাবদ্ধ কারখানায় তাসলীমার মৃতদেহ দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দেন।

পুলিশ এসে কারখানার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং একটি চৌকির নিচ থেকে তাসলীমার মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে রাজন হোসেন জানান, সকালে মায়ের সঙ্গে দেখা করার পর তিনি অফিসে চলে যান। দুপুরে বোন ফোন করে জানায়, মায়ের ফোনে কল ঢুকছে না। অফিস থেকে এসে দেখেন, মায়ের ফোন বাড়িতেই রয়েছে। এ সময় বাবার ফোনে কল দিলে সেটিও বন্ধ পান। পরে কারখানায় গিয়ে দেখেন তালা দেওয়া।

স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, লাল মিয়া বিভিন্ন সময় নেশা করতেন। এ নিয়ে প্রায়ই স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হতো। তাঁদের ধারণা, নেশা-সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, ‘আমরা নিহতের পরিচয় শনাক্ত করেছি। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের স্বামী পলাতক থাকায় তাঁকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।’

পুলিশ রাত ১১টার দিকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আমরা বিরোধী দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি: আইনমন্ত্রী

পল্লবীতে শিশু হত্যায় আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজার জামিন, অপর নেতার আবেদন নামঞ্জুর

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেপ্তার

ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ঝিনাইদহে পশু বিক্রি: দরপত্রে সাড়া নেই, ছয় হাট নেতাদের কবজায়

ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের অভিযান, ২২ স্থাপনা উচ্ছেদ

ফ্যান দিয়ে ধান ওড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শতবর্ষী বটগাছে রেস্টুরেন্ট, হারাচ্ছে পাখিদের নিরাপদ আশ্রয়