হোম > সারা দেশ > ঝালকাঠি

কাঠালিয়ায় জামায়াত সমর্থকদের বাড়ি ও ব্যবসায় হামলা-ভাঙচুর

ঝালকাঠি, প্রতিনিধি

জামায়াতের কার্যালয়ে হামলা-ভাঙচুর। ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। স্থানীয় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে জামায়াত সমর্থকদের চারটি বসতবাড়ি, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং ইউনিয়ন জামায়াত অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনায় দুই নারীসহ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা দেড়টার দিকে পাটিখালঘাটা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান কালামের নেতৃত্বে একদল নেতা-কর্মী হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

হামলাকারীরা সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদের বাড়ি, মরিচবুনিয়া গ্রামের কামাল জোমাদ্দারের বাড়ি এবং ইউপি সদস্য মো. রিপনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হারুন অর রশিদের কুড়ের কুটে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় কামাল জোমাদ্দারের স্ত্রী রানু বেগম (৫৬) ও মেয়ে সাবিনা (৩০) আহত হন।

এ ছাড়া পাটিখালঘাটা বাজারের দুলালের ফার্মেসি ও আব্দুর রবের চায়ের দোকানেও হামলা চালানো হয়। ইউনিয়ন জামায়াত অফিসে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

হামলায় চার-পাঁচটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, সব মিলিয়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনার পর শুক্রবার দিবাগত রাতেই মামলার ৭ ও ৮ নম্বর আসামি পাটিখালঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফুয়াদ জোমাদ্দার (৪২) ও ছাত্রদল নেতা জনি হাওলাদারকে আটক করেছে পুলিশ।

মামলার বাদী জামায়াত কর্মী জহিরুল ইসলাম দুলাল পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কালামকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে কাঠালিয়া থানায় মামলা দায়ের করেছে।

মামলার বাদী জহিরুল ইসলাম দুলাল বলেন, ‘জামায়াতকে সমর্থন করার কারণে আমার বাড়ি ও ব্যবসায় হামলা হয়েছে। নগদ অর্থ ও মালপত্র ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আমার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে।’

হামলায় আহত আরেকটি পরিবারের সদস্য কামাল জোমাদ্দার বলেন, ‘পূর্বশত্রুতা ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার পরিবার হামলার শিকার হয়েছে। আমার স্ত্রী এবং মেয়েকে মারধর করা হয়েছে। নিরাপত্তার অভাবে চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হতে পারিনি। পরে হাসপাতালে যেতে হয়েছে।’

পাটিখালঘাটা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রিপন জোমাদ্দার বলেন, ‘২০–৩০ জন লোক আমার বাড়িতে ঢুকে টিভি, ফ্রিজ ও আসবাব ভেঙে দেয়। আমার স্ত্রী ও ছেলে মারধরের শিকার হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ দৃষ্টিতে থাকলেও এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের রায়হান আজকের পত্রিকাকে বলেন, ঘটনায় মামলা হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত নেতা মিজানুর রহমান কালামকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ দলের নাম ব্যবহার করে হামলা, চাঁদাবাজি বা কোনো ধরনের অপকর্মে জড়ালে তার বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

খাল দখলমুক্ত করতে কোনো ছাড় দেওয়া হবে না: ড. জিয়াউদ্দিন হায়দার

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

ঝালকাঠিতে কক্ষের ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার

কাঠালিয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

কর্মসংস্থান তৈরি করতে ঝালকাঠির ছয় পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ

পাঁচ বছরের কন্যাসন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, হত্যাচেষ্টা মামলায় মা গ্রেপ্তার

নলছিটিতে শিশুসন্তান নিয়ে নদীতে ঝাঁপ, মা-মেয়েকে জীবিত উদ্ধার

ঝালকাঠিতে বিকাশকর্মীর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাই

চাকরি দেওয়ার কথা বলে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে ঝালকাঠির নিম্নাঞ্চল প্লাবিত, তলিয়ে গেছে আমনের বীজতলা