জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. মাইনুল ইসলাম মান্না পদত্যাগ করেছেন। গতকাল রোববার (৩১ মে) রাতে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের কাছে পাঠানো তাঁর লিখিত পদত্যাগপত্রও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
ফেসবুক পোস্টে তিনি জানান, ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। এ সিদ্ধান্ত গ্রহণে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা মহলের চাপ কিংবা জোরজবরদস্তি ছিল না বলেও তিনি উল্লেখ করেন। তিনি লেখেন, ‘আমি মো. মাইনুল ইসলাম মান্না ঝালকাঠি জেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করছি। এ সিদ্ধান্ত একান্তই আমার ব্যক্তিগত। কারও কোনো জোরজবরদস্তি বা চাপে এই সিদ্ধান্ত নিইনি। আহ্বায়ক থাকাকালীন কেউ যদি আমার কোনো ব্যবহার বা কথায় কষ্ট পেয়ে থাকেন, তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চান। একই সঙ্গে তিনি জানান, তিনি সব সময় দলের আদর্শ ও কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং ভবিষ্যতেও তা বজায় রাখবেন।
পদত্যাগপত্রে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি তাঁর আবেদন গ্রহণ করে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান।
এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়েও কোনো ঘোষণা আসেনি।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মো. মাইনুল ইসলাম মান্না আজকের পত্রিকাকে জানান, ব্যক্তিগত ও পারিবারিক কারণেই তিনি পদত্যাগ করেছেন, এর বাইরে অন্য কোনো কারণ নেই।