যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। নির্যাতনের শিকার ওই শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে শিক্ষক ইমরান হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন।
মামলা ও পরিবার সূত্রে জানা গেছে, ওই শিশু অভয়নগরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। গত সোমবার টিফিনের সময় ওই শিশুকে ওয়াশরুমে একা পেয়ে শিক্ষক ইমরান হোসেন তাকে ধর্ষণ করেন। এতে সে অসুস্থ হয়ে বাড়িতে চলে যায়।
গতকাল মঙ্গলবার সকালে তার মা বিদ্যালয়ে যাওয়ার জন্য চাপ দিলে শিক্ষক ইমরান তার ওপর নির্যাতন চালিয়েছেন বলে জানায়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ দল কাজ করছে। দ্রুত তাঁকে গ্রেপ্তার করা হবে।’