হোম > সারা দেশ > জামালপুর

অবশেষে ইসলামপুরে দুস্থদের মাঝে বিনা মূল্যের চাল বিতরণ শুরু

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

জামালপুরের ইসলামপুরের সাপধরী ইউপির অনুকূলে বরাদ্দ দেওয়া ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম আজ শুক্রবার শুরু করা হয়। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের ইসলামপুরে অবশেষে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির (ভিজিএফ) বিনা মূল্যের চাল দুস্থদের মাঝে বিতরণ শুরু করা হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) অনুকূলে বরাদ্দের চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক গতকাল বৃহস্পতিবার দুস্থ ব্যক্তিদের মাঝে চাল বিতরণের শেষ দিন ছিল। কিন্তু শেষ দিনেও চাল বিতরণ করা হয়নি।

উলিয়া ঘাট এলাকায় ইউপির অস্থায়ী কার্যালয় থেকে চাল বিতরণ কার্যক্রম শুরুকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনের জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছামিউল হক ফারুকী, সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মণ্ডল, প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ইউনিয়ন বিএনপি সভাপতি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ এবং চাল বিতরণের তদারকির দায়িত্বে থাকা কৃষি উপসহকারী কর্মকর্তা মিজানুর রহমান।

উপজেলা ত্রাণ শাখা সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে অতিদরিদ্রদের কর্মসূচির আওতায় ইসলামপুর উপজেলায় ৪৬ হাজার ৭৩টি দরিদ্র পরিবারের জন্য বিনা মূল্যে ৪৬০ টন ৭৩০ কেজি চাল বরাদ্দ হয়।

প্রতিটি ইউনিয়নের আলাদা আলাদা তালিকায় অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে মাথাপিছু ১০ কেজি হারে চাল বিতরণ করার কথা। এর মধ্যে চাল পাওয়ার কথা রয়েছে কুলকান্দী ইউনিয়নে ১ হাজার ৯০০ জন, বেলগাছায় ৩ হাজার ৪৭০, চিনাডুলীতে ৪ হাজার ৩২৪, সাপধরীতে ১ হাজার ৯৪৩, নোয়ারপাড়ায় ৪ হাজার ৫৪৫, ইসলামপুর সদরে ৩ হাজার ৭৩, পাথর্শীতে ৫ হাজার ২০, পলবান্ধায় ২ হাজার ২৮৬, গোয়ালেরচরে ৫ হাজার ২৩১, গাইবান্ধায় ৫ হাজার ৬২৭, চরপুটিমারীতে ৫ হাজার ২৪০ জন এবং চরগোয়ালিনী ইউনিয়নে ৩ হাজার ৪০৯ জন। এ ছাড়া ইসলামপুর পৌরসভার আওতায় ৪ হাজার ৬২৫টি দরিদ্র পরিবারের মধ্যে ৪৬ টন ২৫০ কেজি চাল বরাদ্দ হয়েছে।

উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুর রহমান আকন্দ বলেন, ‘উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে স্ব-স্ব ইউপির অনুকূলে চাল উত্তোলনের সবগুলো ছাড়পত্র এখনো পাইনি। যেসব ইউপির ছাড়পত্র পেয়েছি, সেসব ইউপির চাল খাদ্যগুদাম থেকে দেওয়া হয়েছে। বাকি ইউপির ছাড়পত্র পেলেই চাল দেওয়া হবে।’

গত ২২ ফেব্রুয়ারি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভিজিডি অনুবিভাগের উপপরিচালক (ভিজিডি-২) কাজী মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ঈদুল ফিতর উপলক্ষে এ উপজেলায় ১৩ হাজার ৮৩৪টি কার্ডের বিপরীতে ১৩৮ টন ৩৪০ কেজি চাল কার্ড বরাদ্দ হয়েছে; যা গতবারের চেয়ে ৭৫ শতাংশ কম। গত ঈদুল ফিতরে ৪৬ হাজার ৬১টি পরিবারের ভিজিএফ কার্ড বরাদ্দ ছিল।

কার্ড কম বরাদ্দের বিষয়ে ২ মার্চ ‘ভিজিএফ কার্ডের বরাদ্দ কম, ঈদে অর্ধলক্ষাধিক দরিদ্র বঞ্চিত হওয়ার শঙ্কা’ শিরোনামে আজকের পত্রিকার অনলাইন সংস্করণে খবর প্রকাশিত হয়। ওই খবরটি জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর দৃষ্টি গোচর হয়। পরে তিনি বরাদ্দ বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেন। একই দিন বিকেলে বরাদ্দ বাড়িয়ে ৪৬ হাজার ৭৩টি পরিবারের জন্য ভিজিএফ কার্ড অনুমোদন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন বলেন, ‘দুস্থ ব্যক্তিদের মাঝে বিনা মূল্যের চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। ঈদুল ফিতরের আগেই পৌরসভাসহ সবগুলো ইউনিয়নে চাল বিতরণ শেষ করা হবে।’

ইসলামপুরে নির্ধারিত দিনে ভিজিএফ চাল বিতরণ হয়নি, দুস্থদের মধ্যে ক্ষোভ

স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

ভিজিএফ কার্ডের ভাগ না পাওয়ায় বকশীগঞ্জে ইউপি প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

জামালপুরে ছোট ভাইয়ের হাতে যুবক খুন

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক

জামালপুরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল চাচা-ভাতিজার

অবশেষে ইসলামপুরে ভিজিএফ কার্ড বরাদ্দ বেড়েছে

ইসলামপুরে ভিজিএফ কার্ডের বরাদ্দ কম, ঈদে অর্ধলক্ষাধিক দরিদ্র বঞ্চিত হওয়ার শঙ্কা

মারধরের শিকার আ.লীগের ইউপি চেয়ারম্যান বললেন—‘কপালে যা লেখা ছিল...’

বকশীগঞ্জে আ.লীগের পোড়া কার্যালয় ‘উদ্বোধন’ করলেন নেতা-কর্মীরা