জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পোড়ারচর পশ্চিমপাড়ার মৃত রিয়াদ আলীর ছেলে বিদু শেখ (৫০) ও ইদু শেখ (৪৫), মৃত আব্দুল শেকের ছেলে সাদা মিয়া (৪৫), রজব আলীর স্ত্রী পিনজিরা বেগম (৪৯) এবং মৃত জহর উদ্দিন শেখের ছেলে আব্দুল জুব্বার শেখ (৪৬)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সাদা মিয়া এবং পিনজিরা বেগমকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পোড়ারচর পশ্চিমপাড়া এলাকার জয়নাল শেখের সঙ্গে প্রতিবেশী মৃত আব্দুর রহমানের ছেলে বাচ্চু মিয়ার জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে।
জয়নাল শেখ বলেন, তিন বিঘা কৃষি জমি নিয়ে প্রতিবেশী বাচ্চু মিয়ার সঙ্গে বিরোধের সৃষ্টি হয়েছে। এ নিয়ে আদালতে একাধিক মামলাও চলছে। আজ শনিবার ভোরে বিরোধপূর্ণ ওই জমি দখল করার চেষ্টা করেন বাচ্চু মিয়া ও তাঁর লোকজন। এতে বাধা দিলে আমাদের বেশ কয়েকজনকে মারধর করা হয়।
অপরদিকে বাচ্চু মিয়া বলেন, আমরা কারও জমি দখল করার চেষ্টা করিনি। আমাদের জমি বেদখল করতে অযথা হয়রানি করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এএএম আবু তাহের বলেন, মারামারির ঘটনায় আহত হওয়া বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য দুজনকে জামালপুরে রেফার করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জমিসংক্রান্ত বিরোধে মারধরের বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।