ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। উপজেলার সাহেব বাড়ি গেট বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাগবের গ্রামের আব্দুল বাতেনের ছেলে আবুল বাশার (৩৫) ও রাজধানীর খিলক্ষেত এলাকার সেলিম মিয়ার ছেলে আশিক আহমেদ (২৫)।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্র বলেছে, দুই বন্ধু মোটরসাইকেলে করে ঢাকা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলেন। পথে হবিগঞ্জের মাধবপুরের সাহেব বাড়ি গেট বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাঁরা দুর্ঘটনার শিকার হন। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।