হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে সমন্বিত পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ।
উদ্বোধনকালে জি কে গউছ বলেন, নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা অত্যন্ত জরুরি। মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করতে হবে।
সংসদ সদস্য পৌরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, সবাইকে নিজ নিজ বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি জলাবদ্ধতা দূর করতে সচেতন হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মো. মঈনুল হক, হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবালসহ পৌরসভার অন্য কর্মকর্তা-কর্মচারী এবং শহরের গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনের পর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও এর সংলগ্ন জলাশয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং মশা নিধনে ওষুধ ছেটান।