হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

টুঙ্গিপাড়া উপজেলায় পুলিশের পাশাপাশি বিজিবি ও গোয়েন্দা পুলিশ টহল দিচ্ছে। ছবি: আজকের পত্রিকা

১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে প্রশাসন।

উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

উপজেলাজুড়ে ডিবি পুলিশের সার্বক্ষণিক টহলও অব্যাহত রয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের তিনটি প্রবেশপথে পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তাবলয় তৈরি করেছেন। উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড, চৌরঙ্গীসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায়ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

এদিকে আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল বের করা হয়। এতে পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা অংশ নেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

যৌথ টহলটি জেলা শহর হয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড, কলেজ রোড ও চৌরঙ্গী এলাকা প্রদক্ষিণ করে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকায় যায়। পরে টহলটি আবার জেলা শহরে ফিরে আসে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ‘গোপালগঞ্জ শান্তির জেলা। গত ১ আগস্ট থেকে এ পর্যন্ত কোনো ধরনের সহিংস ঘটনা ঘটেনি। আশা করি, আগামীকালও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। তবে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সে জন্য বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক থাকবে।’ তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি পুরো জেলায় বিজিবি ও গোয়েন্দা পুলিশ টহল দিচ্ছে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ১৫ আগস্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সে জন্য পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ থেকেই বিজিবি টহল শুরু করেছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করছে।