গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রেলিংয়ে সজোরে ধাক্কা লেগে আল রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল রাফি কুমিল্লার হোমনা থেকে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিল। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম আল আমিন। আহত দুজন মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।
দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আল রাফিকে মৃত ঘোষণা করেন।
আহত অপর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।