গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যুবলীগের ব্যানারে একটি মিছিল থেকে পুলিশের উদ্দেশে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, মিছিল থেকে বলা হচ্ছে—‘ওই! একটাও সামনে আবি না, মাইরালামু, মাইরালামু। একটাও সামনে আবি না।’
আজ রোববার সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকার কলম্বিয়া গার্মেন্টসের সামনে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে জানতে চাইলে ওসি হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘যুবলীগের ব্যানারে মিছিলটি আমার থানা এলাকায় হয়েছে। তবে সে সময় আমার থানার কোনো পুলিশ সদস্য সেখানে ছিল না। সেখানে গাছা থানার পুলিশ সদস্য উপস্থিত ছিল। যার উদ্দেশে হুমকি দেওয়া হয়েছে, তিনি গাছা থানার পুলিশ সদস্য। বিষয়টি নিয়ে কাজ করছি।’
ভিডিওতে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউনিফর্ম পরা দুজন পুলিশ সদস্য দাঁড়িয়ে রয়েছেন। এ সময় বিপরীত লেনে যুবলীগের নেতা-কর্মীরা মিছিল বের করেন। সেখানে পুলিশকে হুমকি দিয়ে কথা বলছিলেন মিছিলে অংশগ্রহণকারী এক ব্যক্তি। পাশাপাশি বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিলটি সামনের দিকে যায়।