গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত সাকিবের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে মহানগরীর নাওজোড় এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, নাওজোড় এলাকায় তিনতলা একটি নির্মাণাধীন ভবনের অধিকাংশ নির্মাণকাজ শেষ হয়েছিল। ভবনটির নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি কক্ষ নির্মাণ করে গার্মেন্টসকর্মীদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। সাকিবসহ কয়েকজন গার্মেন্টসকর্মী ওই কক্ষগুলোতে ভাড়া থাকতেন।
শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হলে সাকিব ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে কক্ষের দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে নিহতের মরদেহ বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেলেও তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।