‘শুরু করুন দৌড়, বন্ধ করুন মাদক’—এ স্লোগানে গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ম্যারাথন ‘নয়নপুর ২৫কে রান’। শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৬টায় রাজেন্দ্রপুর ল্যাবরেটরি স্কুলের সামনে থেকে শুরু হওয়া এ আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সী ৬০০ দৌড়বিদ। মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান জানান আয়োজক ও অতিথিরা।
নয়নপুর যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ‘মাদক আমাদের ধ্বংস করে দিচ্ছে। যুবসমাজকে মাদকের কারণে ধ্বংস হতে দেওয়া যাবে না। যুবসমাজকে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে সম্পৃক্ত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, একটি সুস্থ জাতি ও সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই।
ম্যারাথনে উপস্থিত ছিলেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন, সিআইডি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালেক, ডা. শফিক, অধ্যক্ষ মীর মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন যুবসমাজের সদস্যরা।
আয়োজকেরা জানান, মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং তরুণদের সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। ‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’—এ বার্তা নিয়ে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজনে ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন ও মিনি ম্যারাথন—এই তিনটি বিভাগে মোট ৬০০ জন দৌড়বিদ অংশ নেন।