হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে পানহাটির আধিপত্য নিয়ে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 

ছবি: ভিডিও থেকে নেওয়া

গাইবান্ধার পলাশবাড়ীতে পানহাটির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণের অভিযোগও উঠেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পৌর শহরের ছোটশিমুলতলা পানহাটিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পানহাটির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগেও একই ইস্যুতে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এতে পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় হাটের কয়েকটি টিনের ঘর ও পানের দোকানের ছাউনি ভাঙচুর করা হয়। এ ছাড়া দুটি গাছ কেটে ফেলার ঘটনাও ঘটে।

এদিকে ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ছোটশিমুলতলা পানহাটিসংলগ্ন পলাশবাড়ী-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে দুই পক্ষের লোকজন ইট-পাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়ায় অংশ নিচ্ছেন।

ভিডিওতে কয়েকজনকে দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি হাতে স্লোগান দিতে দেখা যায়। একই সময় কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, সকালে পানহাটিতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে, ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত নয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

উল্লেখ্য, এই পানহাটির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২০ মে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন প্রতিপক্ষের ইটের আঘাতে উপজেলা জামায়াতে ইসলামীর পৌর শাখার অফিস সম্পাদক সামিউল বুকে চোট পেয়ে আহত হন এবং ৩০ মে ভোররাতে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর পক্ষ থেকে সামিউলের মৃত্যুকে বিএনপির ওই সংঘর্ষকে দায়ী করা হলেও পরে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সংঘর্ষের ওই ঘটনায় বিএনপি-জামায়াতের দুই পক্ষ থেকেই পলাশবাড়ী থানায় মামলা করা হয়।