হোম > সারা দেশ > গাইবান্ধা

দুদক পরিচয়ে প্রতারণার সময় হাতেনাতে একজন আটক

গাইবান্ধা, প্রতিনিধি

গাইবান্ধায় দুদক পরিচয়ে প্রতারণার সময় একজনকে আটক করা হয়। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সোর্স পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আজ রোববার জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) সামনে থেকে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম জাফরুল্লাহ, তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বড় গাঁ গ্রামের বাসিন্দা।

জানা গেছে, আজ সকালে জাফরুল্লাহ জেলা প্রশাসক কার্যালয়ের হিসাব বিভাগে এসে কৌশিক নামের এক অডিটরকে খোঁজাখুঁজি করেন এবং অফিস সহায়ক লিমার কাছ থেকে তাঁর মোবাইল নম্বর চেয়ে নেন।

জাফরুল্লাহ নিজেকে দুদকের সোর্স পরিচয় দিয়ে অডিটর কৌশিককে অফিসের বাইরে ডেকে নেন। পরে দুদকের কর্মকর্তা পরিচয়ে আরেক ব্যক্তির সঙ্গে মোবাইলে কৌশিকের সঙ্গে কথা বলিয়ে দেন। এ সময় মোবাইলে থাকা দুদকের কর্মকর্তা পরিচয় দেওয়া ব্যক্তি কৌশিককে বলেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। বিষয়টি সমাধানের জন্য জাফরুল্লাহর সঙ্গে কথা বলতে বলেন তিনি।

পরে সন্দেহ হলে জাফরুল্লাহকে হিসাব বিভাগে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে কখনো রংপুর, কখনো দিনাজপুরের বাসিন্দা দাবি করে একেকবার একেক রকম পরিচয় দেন। পরে ভোটার আইডি কার্ডে দেখা যায়, জাফরুল্লাহ ঠাকুরগাঁও সদর উপজেলার বড় গাঁ গ্রামের বাসিন্দা।

জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার খন্দকার মাহাতাব আলী বলেন, প্রতারককে আটক করে বিষয়টি তাৎক্ষণিক জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পুলিশ ও দুদকের কর্মকর্তাদের অবগত করা হয়।

খন্দকার মাহাতাব আলী আরও বলেন, দুদকের শুনানিকে কেন্দ্র করে গাইবান্ধায় সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র।

খবর পেয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক এ কে এম নুর আলম সিদ্দিক জেলা হিসাব বিভাগের অফিসে আসেন এবং সোর্স পরিচয় দেওয়া জাফরুল্লাহকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি জানান, আগামীকাল সোমবার গাইবান্ধায় দুদকের গণশুনানি হবে। এই গণশুনানিকে টার্গেট করে একটি প্রতারক চক্র কৌশলে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। বিষয়টি দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতারণার অভিযোগে আটক ব্যক্তি থানা হেফাজতে আছেন। এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধায় ব্রিজের নিচে ভাসছিল নারীর মরদেহ

সাদুল্লাপুরে সীমানা নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সুন্দরগঞ্জে ৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট, ইলিশ পেল এতিমেরা

কনের বাড়িতে চলছিল গায়েহলুদের প্রস্তুতি, সন্ধ্যায় এল বরের মৃত্যুর সংবাদ

জি এম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ

গাইবান্ধায় গুঁড়িয়ে দেওয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫টি চুল্লি

সাদুল্লাপুরে ২ দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

জমি নিয়ে বিরোধ, দুবার কবর ভরাটের পর দুধ লালের দাফন

বিয়ের দুই দিন পরই ইঁদুরনাশক ট্যাবলেট সেবনে দম্পতির মৃত্যু

দেড় লাখ টাকার চেক বুঝে নিয়ে বাবার লাশ দাফনে সম্মতি মেয়ের