হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা, আটক ১

গাইবান্ধা প্রতিনিধি

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের ওপর হামলা চালিয়েছেন যুব জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ যুব জামায়াতে ইসলামীর নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পুলিশ বাদী হয়ে পলাশবাড়ী থানায় এ মামলা করে। এ ঘটনায় তহিদুল ইসলাম কানন নামের এক যুব জামায়াতের কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল বুধবার পলাশবাড়ী যুব জামায়াতের কয়েকজন নেতা-কর্মী একটি লিখিত অভিযোগ নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করেন। এ সময় ওসি সরোয়ার আলম খানকে অভিযোগটির গুরুত্ব বিবেচনা করে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চাপ দেন। এ নিয়ে সরোয়ার আলম খান ও পুলিশ সদস্যদের সঙ্গে যুব জামায়াত নেতা-কর্মীদের ব্যাপক বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁরা সরোয়ার আলম খানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় থানার কর্তব্যরত পুলিশ সদস্যরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে সরোয়ার আলম, এক নারী কনস্টেবলসহ আট পুলিশ সদস্য আহত হন।

অন্যদিকে যুব জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের দাবি, পলাশবাড়ী থানার ওসি স্বৈরাচারের দোসর। থানায় কোনো মানুষ প্রতিকার চাইতে গেলে তিনি হয়রানি করেন। তাঁর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। তিনি একসময় আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন, বর্তমানে তিনি বিএনপির হয়ে কাজ করছেন। গতকাল একটি সত্য ঘটনা নিয়ে থানায় অভিযোগ নিয়ে গেলে তিনি হঠাৎ যুব জামায়াতের নেতা-কর্মীদের ওপর চড়াও হন এবং দুজনকে লাঞ্ছিত করেন। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তিনি বিএনপির কিছু নেতা-কর্মীকে ব্যবহার করছেন এবং যুব জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের নামে একটি হয়রানি মামলা করেছেন।  

ঘটনার পর গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য আবু কাওসার নজরুল ইসলাম লেবু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আবুল কাওছারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ৯ জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। আর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ব্রহ্মপুত্র ও যমুনা তীরে অষ্টমী স্নানে হাজারো ভক্তের ঢল

সম্পত্তি কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে

গাইবান্ধার ফুলছড়ি: ব্রহ্মপুত্রে নাব্য সংকট নৌচলাচল বন্ধে দুর্ভোগ

সুন্দরগঞ্জে আধা ঘণ্টার শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

গাইবান্ধা জেলা প্রশাসকের নির্দেশনা: তেল নিতে লাগবে হেলমেট-ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজ

গাইবান্ধায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

গাইবান্ধায় অজ্ঞাত ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার

সুন্দরগঞ্জে ভিজিএফ চাল কালোবাজারে বিক্রির চেষ্টার ঘটনায় মামলা

মহাসড়কে নির্মাণকাজ চলমান, ঈদযাত্রায় যানজটের শঙ্কা

গাইবান্ধায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, সড়ক অবরোধ করে বিক্ষোভ