হোম > সারা দেশ > ফেনী

ফেনী থেকে প্রথমবার বিসিবির কাউন্সিলর হলেন শরিফুল ইসলাম অপু

ফেনী প্রতিনিধি

শরিফুল ইসলাম অপু। ছবি: সংগৃহীত

ফেনী থেকে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর হয়েছেন তরুণ ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু। তাঁর এই প্রাপ্তিতে জেলার ক্রীড়াঙ্গন ও সামাজিক অঙ্গনে আনন্দ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে ক্রিকেট সংগঠক হিসেবে কাজ করা শরিফুল ইসলাম অপুকে ক্রীড়াঙ্গনে অবদান, সাংগঠনিক দক্ষতা এবং খেলাধুলা প্রসারে ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা থাকলেও এর আগে বিসিবি কিংবা জেলা ক্রীড়া সংস্থার কোনো গুরুত্বপূর্ণ কমিটিতে ছিলেন না তিনি।

জানা গেছে, শরিফুল ইসলাম অপুর খেলোয়াড়ি জীবন শুরু হয় ডাক্তারপাড়া ক্লাবের মাধ্যমে। পরে তিনি ফেনী সরকারি পাইলট হাইস্কুল ক্রিকেট দলের সদস্য হিসেবে পরিচিতি পান। ২০০৪ সালে জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। পরে ২০০৫ সালে অনূর্ধ্ব-১৭ ফেনী জেলা দলের হয়ে ফাস্ট বোলার হিসেবে খেলেন। একই বছরে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের হয়ে ফেনী প্রথম বিভাগ ক্রিকেট লিগে অভিষেক হয় তাঁর। তবে ২০০৬ সালে সোনাগাজীতে একটি টুর্নামেন্ট খেলতে গিয়ে ডান হাতে গুরুতর চোট পান তিনি। এরপর অল্প বয়সে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে সংগঠক হিসেবে কাজ শুরু করেন। ২০০৯ সালে শরিফুল ইসলাম অপু ‘ক্রিকেট ইনস্টিটিউট’ নামে একটি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করেন। তাঁর হাত ধরে ফেনী থেকে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন উঠে আসেন। এ ছাড়া আরও কয়েকজন খেলোয়াড় বয়সভিত্তিক দলে সুযোগ পান। ২০১০ সালে বিসিবির নিবন্ধিত আম্পায়ারের তালিকায়ও যুক্ত হন তিনি। শরিফুল ইসলাম অপুর উদ্যোগে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা তিন বছর ‘এফপিএল’ নামে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়, যা ফেনীর ক্রিকেটাঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। ২০১১ সালে তাঁর নেতৃত্বে বেসরকারি উদ্যোগে স্কুল ক্রিকেট আয়োজন করা হয়, যেখান থেকে বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলোয়াড় তৈরি হয়। ২০১৪ সালে ‘এফপিএল টি-২০’ আয়োজনের পাশাপাশি কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের নিয়ে ‘এফপিএল ফিউচার ক্রিকেট উৎসব’ আয়োজনও প্রশংসিত হয়। দীর্ঘদিন ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ও ক্রিকেট আম্পায়ার অ্যাসোসিয়েশনের বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি। ক্রীড়া সংগঠনের পাশাপাশি শরিফুল ইসলাম অপু ক্রীড়া লেখক হিসেবেও পরিচিত। বর্তমানে তিনি দৈনিক ফেনীর বিভাগীয় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন জাতীয় গণমাধ্যমে নিয়মিত ক্রীড়া কলাম লিখছেন। এ ছাড়া আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি ইন্টারন্যাশনালের যুব সংগঠন রোটার‍্যাক্টের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকে ২০২৩-২৪ সালে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেন তিনি। সম্প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা ইউনিটের নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।

নতুন দায়িত্ব পাওয়ার পর সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শরিফুল ইসলাম অপু বলেন, এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রেরণা জোগাবে। ফেনী তথা বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন ও তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের এগিয়ে নিতে সর্বোচ্চ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

খাতা না দেখানোয় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

​সোনাগাজীতে কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন

ফেনীতে বালুর স্তূপে চাপা অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

শেষ বিদায়ে সহকর্মীদের ব্যতিক্রমী শ্রদ্ধা: অ্যাম্বুলেন্সের সাইরেনে থমকে গেল জনপদ

ফেনীতে বাসচাপায় বাবা-ছেলে নিহত, আহত ভাগনে

ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভেই মাকে হত্যা: আদালতে রাফির স্বীকারোক্তি

নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল শিশু হাসানের মরদেহ

মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের, আহত বাবা-বোন

ফেনী সীমান্তে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

অত্যাচারী স্বামীকে জামিন দেওয়ায় বিচারকের সামনেই বিষপান নারীর