হোম > সারা দেশ > ফেনী

প্রধানমন্ত্রীর উপহারের পর এবার প্রতিমন্ত্রীর দপ্তরে ফেনীর সেই শিক্ষিকা

ফেনী প্রতিনিধি

প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় গতকাল সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন সৈয়দা খালেদা আক্তার পলি। ছবি: আজকের পত্রিকা

ফুটবল মাঠে খুদে শিক্ষার্থীদের প্রাণবন্তভাবে উৎসাহ দিয়ে দেশজুড়ে আলোচনায় আসা ফেনীর শিক্ষক সৈয়দা খালেদা আক্তার পলি এবার সাক্ষাৎ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে। বুধবার (৩ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন ফেনী সদরের গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সহকারী শিক্ষিকা।

সাক্ষাৎকালে খালেদা আক্তার পলি তাঁর ছাত্রজীবন থেকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ততার অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে ফেনীর সার্বিক ক্রীড়া উন্নয়নে কাজ করার আগ্রহের কথাও জানান

জানা গেছে, ঈদুল আজহার সময় প্রতিমন্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে তাঁর দীর্ঘ আলাপ হয়েছিল। সেই ধারাবাহিকতায় বুধবার তাঁকে সচিবালয়ে আমন্ত্রণ জানানো হয়। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী তাঁর ও পরিবারের খোঁজখবর নেন এবং মাঠপর্যায়ে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে পলির ভূমিকার প্রশংসা করেন। তিনি এ উদ্যোগকে ক্রীড়াঙ্গনের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত বলে উল্লেখ করেন।

নারী ক্রীড়াচর্চাকে আরও এগিয়ে নিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি সৈয়দা খালেদা আক্তার পলিকে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার এবং ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে কাজ করার প্রস্তাব দেন। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁকে এবং তাঁর বিদ্যালয়ের ফুটবলপ্রেমী শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

গত ২৬ মে রাতে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর বাসভবনে গিয়ে উপহার তুলে দেন। ছবি: আজকের পত্রিকা

খালেদা আক্তার পলি বলেন, ‘শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে আমি সব সময় মাঠপর্যায়ে কাজ করার চেষ্টা করেছি। ক্রীড়া উন্নয়ন নিয়ে মতবিনিময়ের সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের।’

গত ২৯ এপ্রিল ফেনী পিটিআই মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ চলাকালে সাইডলাইনে দাঁড়িয়ে নিজের বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহ দিতে দেখা যায় তাঁকে। বৃষ্টির মধ্যেও শিশুদের খেলার প্রতি তাঁর আবেগ ও আন্তরিকতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সাড়া ফেলে।

২৯ এপ্রিল ফেনী পিটিআই মাঠে বৃষ্টির মধ্যে নিজের বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহ দিতে দেখা যায় খালেদা আক্তার পলিকে। ছবি: সংগৃহীত

পরে ভিডিওটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তাঁর জন্য ঈদের বিশেষ উপহার পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গত ২৬ মে রাতে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর বাসভবনে গিয়ে উপহার তুলে দেন। সেই ঘটনার ধারাবাহিকতায় এবার ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আলোচিত এই শিক্ষিকা।

পারিবারিকভাবেও ক্রীড়াঙ্গনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত খালেদা আক্তার পলি। তাঁর বাবা সৈয়দ মমিনুল ইসলাম একসময় ঐতিহ্যবাহী মোহনবাগান ক্লাবের ফুটবলার ছিলেন। ভাই সৈয়দ মামুনুল হাসান ছিলেন ফেনীর পরিচিত ফুটবলার। তাঁর প্রয়াত স্বামী গোলাম রব্বানী ছিলেন সকার ক্লাবের প্রতিষ্ঠাতা এবং ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি। পলি নিজেও একসময় হ্যান্ডবল ও ভলিবল খেলোয়াড় হিসেবে সক্রিয় ছিলেন।

বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেল পৌরসভার সহকারী প্রকৌশলীর

সোনাগাজীতে বিএনপির অনুষ্ঠানে দুই ওসির উপস্থিতি ঘিরে আলোচনা-সমালোচনা

ওজন বাড়াতে চিংড়িতে জেলি, ৪ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

দাম না পেয়ে নদীতে চামড়া ফেলে দিলেন ব্যবসায়ীরা

ফেনীতে কোরবানির পশু জবাই-মাংস কাটতে গিয়ে আহত শতাধিক

ফেনীতে জমে উঠেছে পশুর হাট

ফেনীতে নতুন নলকূপে পানি তুলতেই জ্বলে উঠল আগুন

ফেনীতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর গরু ছিনতাই

কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটকের জের, বিএনপি নেতাদের বিক্ষোভ

৩৪ বছরের শিক্ষকতা শেষে ছাদখোলা গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়