ফেনী সদর উপজেলায় একটি ইউনিয়নে এক শিশুকে (১১) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল শনিবার দুপুরে ফেনী মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন দক্ষিণ কাশিমপুর এলাকার আলাউদ্দিন (৫০), মুছা মিয়া (৬০) ও আবদুর রাজ্জাক (৬২)।
জানা গেছে, ভুক্তভোগী শিশুটি দোকানে কাজ শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত ব্যক্তিরা তাকে ভয়ভীতি দেখিয়ে ভুলিয়ে-ভালিয়ে একটি ঝোপে নিয়ে গিয়ে নির্যাতন করতেন। গতকাল সকালেও শিশুকে নির্যাতনের চেষ্টা করলে স্থানীয় লোকজন আলাউদ্দিনকে হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। বাকি দুই অভিযুক্ত পালিয়ে যান।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘আসামিরা অত্যন্ত বিকৃত মানসিকতার। তারা আমার অবুঝ ছেলেকে দিনের পর দিন নির্যাতন করেছে। আমি এই পাশবিক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।