হোম > সারা দেশ > ফেনী

টিকটকের জন্য অশ্লীল ভিডিও-ছবি ধারণ করার অভিযোগে দশম শ্রেণির ছাত্রী বহিষ্কার

ফেনী প্রতিনিধি

ফেনীর পরশুরামের বক্সমাহমুদ উচ্চবিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

বিদ্যালয়ের নির্ধারিত পোশাক (ইউনিফর্ম) পরে বিদ্যালয় প্রাঙ্গণে টিকটকের জন্য আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ফেনীর পরশুরামের বক্সমাহমুদ উচ্চবিদ্যালয়। মঙ্গলবার (৩ নভেম্বর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পারভীন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদ্যালয় চলাকালে নির্ধারিত পোশাক পরিহিত অবস্থায় এবং বিদ্যালয় প্রাঙ্গণে ওই ছাত্রী টিকটকের জন্য আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করে। পরে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এতে বিদ্যালয়ের সুনাম, ভাবমূর্তি ও পবিত্রতা ক্ষুণ্ন হয়েছে। বিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির তদন্ত এবং শিক্ষার্থীর নিজের স্বীকারোক্তিতে অভিযোগ প্রমাণিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরও বিদ্যালয়ের আচরণবিধি পরিপন্থী এমন কর্মকাণ্ডে জড়িত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শৃঙ্খলা কমিটির সুপারিশ ও পরিচালনা পরিষদের সিদ্ধান্তে ওই ছাত্রীকে বিদ্যালয় থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে বাধ্যতামূলক ছাড়পত্র দেওয়া হয়েছে। ৩ নভেম্বর থেকে বিদ্যালয়ের সঙ্গে তার শিক্ষার্থী হিসেবে সব ধরনের সম্পর্কের অবসান ঘটানো হয়েছে।

একই বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে বিদ্যালয়ের শৃঙ্খলা, ঐতিহ্য ও গৌরব অক্ষুণ্ন রাখতে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার এবং এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার বলেন, ‘এর আগেও ওই ছাত্রীকে কয়েকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু এরপরও সে একই ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়ায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে।’

সোনাগাজীতে মাদকসেবীদের অত্যাচারে ৪ মাস বাড়িছাড়া ফারুকের পরিবার

দিল্লির প্রেসক্রিপশনে চলছে রাষ্ট্রব্যবস্থা: ফেনীতে জাবের

ফেনীতে পুকুরে মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ

ফেনী জেনারেল হাসপাতালের সাবস্টেশনে চুরি, ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন নতুন ভবন

যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই, হাসপাতালে মৃত্যু

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ফুলগাজীতে জেলা পরিষদ ডাকবাংলোয় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফেনীবাসীর সব দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রী