স্তন ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার তাগিদ দিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি রোগ প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলের নারীদের সচেতন করার ওপরও বিশেষ জোর দেন। তিনি বলেন, স্তন ক্যান্সার চিকিৎসায় প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা অত্যন্ত জরুরি। সঠিক সময়ে রোগ শনাক্ত হলে নিরাময়ের সম্ভাবনা বহুলাংশে বেড়ে যায়।
আজ শনিবার সন্ধ্যায় দিনাজপুরে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচির সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। দিনাজপুর শহরে জিয়া হার্ট ফাউন্ডেশন ভবনের ৩য় তলার মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল, দিনাজপুর যৌথভাবে মাসব্যাপী এই কর্মসূচির আয়োজন করে।
সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল, দিনাজপুরের সহসভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মূসা পিপিএম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
অধিবেশনে বক্তারা বলেন, স্তন ক্যান্সার বিষয়ে নারীদের সামাজিক সংকোচ ও দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। একই সঙ্গে দেশজুড়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং (শনাক্তকরণ) সুবিধা আরও জোরদার করার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি অধ্যাপক ডা. এ এইচ এম শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডা. মো. জিয়াউল হক জিয়া, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল, দিনাজপুরের সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, জিয়া হার্ট ফাউন্ডেশনের নির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু, আলহাজ আবু বক্কর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল, দিনাজপুরের যুগ্ম সম্পাদক রাহবার কবির পিয়াল।
এর আগে অনুষ্ঠিত বৈজ্ঞানিক অধিবেশনে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্তন ক্যান্সারের আধুনিক চিকিৎসা পদ্ধতি, চিকিৎসাবিজ্ঞানের নতুন অগ্রগতি এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির নানাবিধ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মাসব্যাপী এই কর্মসূচির সফল সমাপ্তি স্তন ক্যান্সার প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে নতুন সচেতনতার জোয়ার তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।