হোম > সারা দেশ > দিনাজপুর

প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে খুলে পড়ল ফ্যান, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলন্ত বৈদ্যুতিক ফ্যান খুলে পড়েছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও এ ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালে হঠাৎই শ্রেণিকক্ষের সিলিং ফ্যানটি খুলে মেঝেতে পড়ে যায়। এতে শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, এ ঘটনায় দুই শিক্ষার্থী হাতে ও মাথায় সামান্য আঘাত পেয়েছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

শিক্ষার্থীদের অভিভাবক সোহেল রানা অভিযোগ করেন, বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, বিদ্যালয়ের পুরোনো ফ্যানগুলো নিয়ে আগেও কর্তৃপক্ষ ও শিক্ষা অফিসকে একাধিকবার জানানো হয়েছিল। কিন্তু বিষয়টি গুরুত্ব না দেওয়ায় আজ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তার দায় কে নিত—এমন প্রশ্নও তোলেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকি বলেন, ঘটনার সময় বিদ্যালয়ে ছুটি হয়ে গিয়েছিল। কিছু শিক্ষার্থী শ্রেণিকক্ষের বাইরে এবং কয়েকজন দরজার কাছে অবস্থান করায় কেউ আহত হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, অভিভাবকদের অভিযোগের পর সম্প্রতি বিদ্যালয়ের নষ্ট ফ্যানগুলো মেরামত এবং অধিকাংশ ফ্যান পরীক্ষা করা হয়েছিল। তবে যে ফ্যানটি খুলে পড়েছে, সেটি পরীক্ষা করা হয়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহসিন আলী বলেন, ফ্যান খুলে পড়ার বিষয়টি তিনি জেনেছেন। বিদ্যালয়গুলোতে নিয়মিত ফ্যান ও বিদ্যুতের সরঞ্জাম পরীক্ষা করার নির্দেশনা আগে থেকেই রয়েছে। এরপরও কেন তা অনুসরণ করা হয়নি, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষিকা নিহত

আনারকলি চাষে স্বপ্ন দেখছেন দিনাজপুরের রিপন

জমিতে ময়লা ফেলায় ছোট ভাইকে হত্যা, এক মাস পর গ্রেপ্তার বড় ভাই

তথ্য চাওয়ায় সাংবাদিকদের সঙ্গে ওসির অসৌজন্যমূলক আচরণ, কর্মসূচির হুঁশিয়ারি

মধ্যপাড়া কঠিন শিলাখনিতে পাথর উত্তোলনে রেকর্ড

বাসায় এসির কম্প্রেসর বিস্ফোরণে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ঘুমন্ত শিশু

দিনাজপুর বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার, ৪৯ কলেজের সবাই ফেল

স্তন ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতা জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

স্বজনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল রাজমিস্ত্রির, মরদেহ নিয়ে বিক্ষোভ

চুরির অভিযোগে যুবককে মারধর, রক্ষা করতে গিয়ে চাচাতো ভাই নিহত